অপসারণের নির্দেশ কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১১ জেলায় থাকা অননুমোদিত এবং অবৈধ ইটভাটা ও করাতকলের স্থাপনা অপসারণ এবং এর কার্যক্রম বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানির পর এই রুল জারি করেন।ওই সব অবৈধ ইটভাটা-করাতকল অনুমোদন ছাড়া পরিচালিত হওয়ায় ১১ জন জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়।মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক ও ১১ জেলার জেলা প্রশাসককে ছয় সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। জেলাগুলো হচ্ছে: ঢাকা, চট্টগ্রাম, মাগুরা, খুলনা, কক্সবাজার, বান্দরবান, রংপুর, নারায়ণগঞ্জ, নোয়াখালী, বরিশাল ও বরগুনা।অবৈধ ইটভাটা ও করাতকল নিয়ে প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ প্রকাশিত ১২টি প্রতিবেদন যুক্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গত ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হোসেনসহ পাঁচ আইনজীবী রিট আবেদনটি করেন। গতকাল শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ হোসেন। প্রথম আলোর পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। ডেইলি স্টার-এর পক্ষে ছিলেন আইনজীবী সাফায়েত সুলতানা।ইকবাল কবির বলেন, ইটভাটা ও করাতকল নিয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনগুলো তৈরি করা হয়েছে। এর সারবত্তা রয়েছে। আদালত বিষয়টি বিবেচনা করতে পারেন।মোহাম্মদ হোসেন বলেন, পরিবেশের ক্ষতি করে এসব ইটভাটা ও করাতকলের অবৈধ কার্যক্রম চলছে। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের দায়িত্বে অবহেলার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় রিট আবেদনটি করা হয়।