দুর্নীতির মামলায় রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অপসারিত উপাচার্য মু. আব্দুল জলিল মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশন এই অনুমোদন দেওয়ার পর এখন বিচারিক আদালতে তা জমা দেওয়া হবে।
অভিযোগে বলা হয়েছে, ওই ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের ৩৯৮টি পদে নিয়োগে প্রকৃত তথ্য গোপন করে দুর্নীতি ও স্বজনপ্রীতি করেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজেরা লাভবান হওয়া এবং অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছেন। এই অভিযোগ অনুসন্ধান শেষে ২০১৩ সালের ১২ ডিসেম্বর মামলা করেন দুদকের উপপরিচালক মো. আব্দুল করিম। দীর্ঘ তদন্ত শেষে উপসহকারী পরিচালক মো. আকবর আলী অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দেন। এরই পরিপ্রেক্ষিতে কমিশন অভিযোগপত্র দেওয়ার অনুমোদন দেয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য অভিযোগপত্র অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেছেন, শিগগিরই বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।
অপসারিত উপাচার্য মু. আব্দুল জলিল ছাড়াও অন্য যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে, তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়টির উপ-রেজিস্ট্রার (সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার) মো. শাহজাহান আলী মণ্ডল, উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ টি জি এম গোলাম ফিরোজ, সহকারী রেজিস্ট্রার মো. মোর্শেদ উল আলম (রনী) এবং সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার আশরাফুল আলম।
অপসারিত উপাচার্য মু. আব্দুল জলিল মিয়ার মেয়াদকালে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয়টি ইউজিসির তদন্ত প্রতিবেদনে প্রকাশ পায়। সরকারের নির্দেশে গঠিত ওই তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল, উপাচার্য এতটাই দুর্নীতি, আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি ও বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করেছেন যে তাঁকে স্বপদে বহাল রেখে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যার সমাধান হবে না। ২০১৩ সালে জমা দেওয়া ওই প্রতিবেদনে আরও বলা হয়, নিয়োগ, পদোন্নতিসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর দুর্নীতি ও স্বজনপ্রীতি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। একজনের (উপাচার্য) খেয়াল-খুশিমতো পরিচালিত হচ্ছে ওই শিক্ষাপ্রতিষ্ঠান। আইন ভঙ্গ করে নিজেই নিয়োগ কমিটির সভাপতি হয়ে ১১ জন নিকটাত্মীয়কে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। তখন কমিটির সদস্যরা প্রথম আলোকে বলেছিলেন, বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে অতীতে এ ধরনের অনিয়ম হয়েছে কি না, তা তাঁদের জানা নেই।
এদিকে মেয়াদ শেষ হওয়ার আগমুহূর্তে তাঁকে উপাচার্যের পদ থেকে অপসারণ করে সরকার। এর আগে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি অংশ উপাচার্যের পদত্যাগ দাবি করে আন্দোলন করে। আন্দোলনে একাধিকবার বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়ে।