অপহরণ, মুক্তিপণ অতঃপর মুক্তি
তিন লাখ টাকা চাঁদা আদায়ের দাবিতে গত বৃহস্পতিবার সেহিরর সময় এক ইউপি সদস্যের পরিবারের দুই সদস্যকে অপহরণ করে দুর্বৃত্তরা। প্রায় ১৩ ঘণ্টা পর মুক্তিপণের কিছু টাকা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেয় অপহরণকারীরা।চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন উড়িরচর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। উড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল কাঁদতে কাঁদতে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘বৃহস্পতিবার রাত তিনটায় সেহির খেতে ঘুম থেকে জেগে উঠে দেখি, আধা কিলোমিটার দূরে অনেকগুলো বাতি জ্বালিয়ে কিছু লোক আমার বাড়ির দিকে আসছে। ঘটনা আঁচ করতে পেরে সেহির মুখে না তুলে নদী সাঁতরে পাশের চরলক্ষ্মী হয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে চলে যাই আমি। পরে খবর পাই, দস্যুরা আমার ছেলে নূর হোসেন এবং জামাই মো. বেলালকে অপহরণ করে।’ কোম্পানীগঞ্জ থেকে মুঠোফোনে তিনি আরও বলেন, শাহাদাত হোসেন দাসু ও ইব্রাহিম মাঝির লোকজন তাঁকে না পেয়ে তাঁর ছেলে ও জামাইকে অপহরণ করে। মুক্তিপণের জন্য তিন লাখ টাকা চাঁদা দাবি করে তারা।উড়িরচর পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা তৌহিদুল ইসলাম গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় বলেন, ‘তারা এখন মুক্ত। আমার সামনেই আছে।’এ সময় সেখানে থাকা বেলাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা মুক্ত হয়েছি। এখন খুব ক্লান্ত। আগে বাড়ি যাই।’ দস্যুদের কত টাকা মুক্তিপণ হিসেবে দেওয়া হয়েছে—জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।