অপহরণ-আতঙ্কে শ্রীপুরবাসী
একের পর এক অপহরণের ঘটনায় মাগুরার শ্রীপুর উপজেলায় স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বছর এই উপজেলায় পাঁচটি অপহরণের ঘটনা ঘটেছে। চলতি মাসেই মাগুরার শ্রীপুর উপজেলায় দুই ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়েছে। কিন্তু অপহূত ব্যক্তিরা পুলিশকে সহযোগিতা না করায় অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করা যাচ্ছে না।মাগুরা সদর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাগুরার শ্রীপুর উপজেলার চণ্ডীবর গ্রাম থেকে ১২ এপ্রিল রাতে তাপস বিশ্বাস (৪০) নামের এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে সন্ত্রাসীরা অপহরণ করে। একই উপজেলার হাট শ্রীকোল গ্রাম থেকে ৫ এপ্রিল প্রদীপ ঘোষ (৫৮) নামের এক ব্যবসায়ীকে তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। দাবি অনুযায়ী মুক্তিপণ দেওয়ার পর অপহরণকারীরা তাঁদের ছেড়ে দেয়। একই উপজেলার শ্রীকোল গ্রামের পাশে রামনগর গ্রামে আত্মীয়বাড়ি বেড়াতে এসে রহমত আলী নামের এক ব্যবসায়ী দুই মাস আগে অপহূত হন। সন্ত্রাসীরা তাঁর কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তিনি মুক্তিপণ দিয়ে ফিরে আসেন। চলতি বছর ওই এলাকার মানিক রাহা নামের এক ব্যক্তিকে সন্ত্রাসীরা অপহরণ করে। তিনি মুক্তিপণ দিয়ে ফিরে আসেন।শ্রীপুর থানা সূত্রে জানা গেছে, পুলিশ নানা কৌশল অবলম্বন করে ব্যবসায়ী প্রদীপ ঘোষ ও তাপস বিশ্বাসকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ এপ্রিল রাতে শ্রীপুরের বাগবাড়িয়া গ্রামের আবদুল জব্বার শেখের ছেলে আবু সাইদ (৩২) ও তাঁর শ্যালক একই উপজেলার চরজোকা গ্রামের লাল্টু মণ্ডলকে (২৮) গ্রেপ্তার করে। অপহরণকারী চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পরদিন আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করার আবেদন করে। ২২ এপ্রিল ওই আবেদনের শুনানি চলাকালে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামরুননাহার বেগম রিমান্ডের আবেদন মঞ্জুর না করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।শ্রীপুর থানার উপপরিদর্শক মো. সাখাওয়াত হোসেন জানান, মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই সন্ত্রাসীরা অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। তাই এ অঞ্চলের মানুষের মাঝে এখন অপহরণ-আতঙ্ক বিরাজ করছে।