অপহরণ ও গুমে উদ্বেগ কূটনীতিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে অব্যাহত অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কূটনীতিকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। গুম-খুনের প্রতিটি ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিচারের কাঠগড়ায় আনার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক ব্রিফিংয়ে তাঁরা এসব অভিমত তুলে ধরেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেন উপস্থিত ১৩টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। সাংবিধানিক কাঠামোতে থেকে সবার জন্য সমান সুযোগ তৈরির লক্ষ্যে বিএনপির সঙ্গে সংলাপের পথ খোলা রাখতে তাঁরা সরকারকে উৎসাহিত করেন।
গত ৫ জানুয়ারির নির্বাচনের পর এই প্রথম কূটনীতিকদের নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বক্তব্য দেন৷
ব্রিফিংয়ের একটি সূত্র এ প্রতিবেদককে জানায়, কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন বিচারবহির্ভূত হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানান। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে নারায়ণগঞ্জের সাত খুনের প্রসঙ্গ টানেন এইচ টি ইমাম। তিনি কূটনীতিকদের এটা বলে আশ্বস্ত করেন যে দোষী প্রমাণিত হলে দলের যে পর্যায়ের নেতাই হোন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হোন, তাঁদের ন্যূনতম ছাড় না দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্ব দৃঢ়প্রতিজ্ঞ।
জানা গেছে, বিএনপির সঙ্গে সংলাপের বিষয়টি তোলেন ব্রিফিংয়ে উপস্থিত পাশ্চাত্যের এক কূটনীতিক। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়, বিএনপিকে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। সহিংসতা বন্ধ করে দায়িত্বশীল আচরণের পাশাপাশি সাংবিধানিক কাঠামোতে থেকেই আলোচনায় আসতে হবে। সংলাপে পূর্বশর্ত জুড়ে দেওয়া নিয়ে কয়েকজন কূটনীতিক প্রশ্ন তোলেন। জামায়াত নিষিদ্ধ রাজনৈতিক দল নয়, বিএনপিকে দলটির সঙ্গে কেন বিচ্ছিন্ন হতে হবে এ বিষয়ে তাঁরা সরকারের কাছে জানতে চান। তা ছাড়া সরকার সংলাপে বসবে বিএনপির সঙ্গে, জামায়াতের সঙ্গে নয়।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিএনপিকে জামায়াত থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে ধারাবাহিক আহ্বানের উল্লেখ করেন। এ সময় তত্ত্বাবধায়ক সরকারকে অসাংবিধানিক উল্লেখ করে গওহর রিজভী বলেন, এ ব্যাপারে বিএনপি অনঢ় থাকায় নির্বাচনের আগে সংলাপ ব্যর্থ হয়েছে।
ব্রিফিংয়ে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, জাপান, নরওয়ে, রাশিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ ১৩টি দেশের কূটনীতিকেরা ছাড়াও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী উপস্থিত ছিলেন।