অপহরণ ও ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অপহরণ ও ধর্ষণের মামলায় তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজা পাওয়া ব্যক্তিরা হচ্ছেন তসলিম হোসেন, শামসুল হক ও ওমর ফারুক।
তাঁদের মধ্যে তসলিম হোসেনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ পৃথক দুই ধারার অপরাধ প্রমাণ হওয়ায় তাঁকে দুবার যাবজ্জীবন দেওয়া হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে অপহরণের অপরাধ প্রমাণিত হয়েছে।
গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। রায়ে আসামিদের মোট এক লাখ ৪০ হাজার টাকার অর্থদণ্ডও দেওয়া হয়েছে। আসামি তিনজনেরই বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের মিনাগাজী টিলা এলাকায়।
আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালে ১৫ অক্টোবর সকালে পোমরা কাউখালী উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণ করেন তসলিম হোসেন, তাঁর দুই সহযোগী শামসুল হক ও ওমর ফারুক। অপহরণ করে স্থানীয় এক চা-বাগানে নিয়ে যাওয়ার পথে রাস্তায় নেমে যায় শামসুল হক ও ওমর ফারুক। তসলিম একাই মেয়েটিকে চা-বাগানে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনার পর মেয়েটির বাবা বাদী হয়ে স্থানীয় থানায় অপহরণ ও ধর্ষণের মামলা করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ নাসের প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন মামলা চলার পর তসলিম হোসেনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের দুটো অপরাধই প্রমাণ হয়েছে। সে কারণে আদালত তাঁকে দুবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ফলে তাঁকে মোট ৬০ বছর সাজা ভোগ করতে হবে। বাকি দুই আসামির বিরুদ্ধে অপহরণের অভিযোগ প্রমাণ হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আসামিদের মধ্যে তসলিম ও শামসুল বর্তমানে পলাতক। অপর আসামি ওমর ফারুককে কারাগারে পাঠানো হয়েছে।