অপহরণ ও ধর্ষণের দায়ে দুজনের দুবার যাবজ্জীবন কারাদণ্ড
চট্টগ্রামের সাতকানিয়ায় এক কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই ব্যক্তিকে দুবার করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে দেড় লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন ইয়াকুব আলী ও মো. মামুন। তাঁদের বাড়ি সাতকানিয়া উপজেলার দ্বীপ চরতি গ্রামে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০১ সালের ২১ মে এক কলেজছাত্রীকে অপহরণ করেন ইয়াকুব ও মামুন। তারপর ওই ছাত্রীকে একটি হোটেলে আটকে রেখে তাঁরা ধর্ষণ করেন। ঘটনার পর মেয়েটির ভাই সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আকতার জানান, অপহরণ ও ধর্ষণের দুটি আলাদা অপরাধ প্রমাণ হওয়ায় আসামিদের প্রত্যেককে দুবার করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একটি সাজার মেয়াদ শেষ হলে আরেকটি সাজা শুরু হবে। তিনি জানান, আসামিরা কারাগারে আছেন।