অপহরণ ও ধর্ষণের দায়ে পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই সঙ্গে দুই বোনকে অপহরণ ও গণধর্ষণের দায়ে চট্টগ্রামে পাঁচ ব্যক্তিকে দুবার করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম গতকাল মঙ্গলবার এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডি এলাকার মো. কামালউদ্দিন, জাহাঙ্গীর ওরফে জানে আলম, মো. জানে আলম এবং চরখিজিরপুর এলাকার নেজামউদ্দিন ও সুমন।

আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, নির্যাতনের শিকার দুই নারী সম্পর্কে চাচাতো বোন। তাঁরা দুজন কালুরঘাটে একটি পোশাক কারখানায় কাজ করতেন। ২০০৬ সালের ১৫ মে বাড়ি ফেরার পথে তাঁদের গতিরোধ করেন আসামিরা। জোর করে টেম্পোতে উঠিয়ে তাঁদের অজ্ঞাত স্থানে আটকে রেখে গণধর্ষণ করেন। ঘটনার পরদিন নির্যাতিত নারীদের একজন বোয়ালখালী থানায় পাঁচ আসামির বিরুদ্ধে মামলা করেন। ২০০৭ সালের ২৬ জুন মামলায় অভিযোগ গঠন হয়। মোট আটজন সাক্ষী মামলায় সাক্ষ্য দিয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আকতার প্রথম আলোকে বলেন, দুই ধরনের অপরাধের দায়ে তাঁদের দুবার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আসামিদের মধ্যে মো. সুমন পলাতক। বাকিরা কারাগারে।