অপহরণ করে জমি লিখে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি হিন্দু পরিবারের চারজনকে অপহরণ করে দেড় কোটি টাকার জমি লিখে নিয়েছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি৷ জমি লিখে নেওয়ার জন্য তাঁরা সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে বালাম বইও চুরি করে এনেছেন৷ গত বুধবার রাতে উপজেলার মামারিশপুর গ্রামে এ ঘটনা ঘটে৷
উপজেলা প্রশাসন, পুলিশ ও অপহৃতদের পরিবার জানায়, মামারিশপুর গ্রামের মৃত মোহন বাসীর স্ত্রী বিমলা রানী ধামশুর মৌজার ২৪৮ নম্বর দাগের এক একর জমিতে তাঁর দুই মেয়ে মুঞ্জুরী রানী, উর্মিলা রানীসহ অন্য সদস্যদের নিয়ে বাস করছেন। গত কয়েক বছরে ওই এলাকার চারদিকে শিল্প-কারখানা গড়ে ওঠায় জমির দাম বহুগুণ বেড়েছে। এর পর থেকে জমির দালাল মেহেরাবাড়ি এলাকার আমান উল্যাহ খান ওরফে মাখনসহ বেশ কয়েকজন ওই জমি দখলের চেষ্টা চালান৷ সম্প্রতি আমান উল্যাহ ওই জমিতে বাঁশ পুঁতে সাইনবোর্ড ঝুলিয়ে দেন এবং একটি টিনের ঘর নির্মাণ করেন।
পুলিশ ও পরিবার জানায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমান উল্যাহের নেতৃত্বে কমপক্ষে ৫০ জন বিমলা রানী, মুঞ্জুরী রানী, উর্মিলা রানী ও তাঁর তিন বছরের ছেলে অঞ্জনকে অপহরণ করে নিয়ে মেহেরাবাড়ি এলাকায় আমান উল্যাহর বাড়িতে নিয়ে আসে। শারীরিক ও মানসিক নির্যাতন করে দলিলে স্বাক্ষর ও বালাম বইয়ে টিপসই নেওয়ার পর রাত সাড়ে নয়টার দিকে চারজনকেই বাড়ির কাছে রেখে যায়। পরে পুলিশ খবর পেয়ে তাঁদের উদ্ধার করে। রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছরোয়ার হোসেন অভিযান চালিয়ে আমান উল্যাহর বাড়ি থেকে কিছু দলিল ও বালাম বই জব্দ করে।
মুঞ্জুরী রানী ও উর্মিলা রানী জানান, অনেকবার বাধা দেওয়ার পরও সম্প্রতি আমান উল্যাহসহ কয়েকজন তাঁদের জমিতে ঘর উঠিয়েছে। বিষয়টি ভালুকা থানার পুলিশকে জানানো হলে তারা ১৫ দিন আগে একজনকে আটক করে থানায় নিয়ে আসার পর ছেড়ে দেয়। এ ব্যাপারে আমান উল্যাহের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে মুঞ্জুরী রানী বাদী হয়ে আমান উল্যাহ খান, মোহন খান, তানভীর খান, দলিল লেখক রাজিবসহ ১৪ জনের বিরুদ্ধে ভালুকা থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন৷ এ ছাড়া উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের পিয়ন মো. কাইছার বাদী হয়ে আমান উল্যাহ খান ও দলিল লেখক রাজিবের নাম উল্লেখ করে একই থানায় আরও একটি মামলা দায়ের করেন। সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে বালাম বই নেওয়ার অভিযোগে পরের মামলাটি করা হয়েছে৷ ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মামলার অাসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
ভালুকা উপজেলা সাব-রেজিস্ট্রার গিয়াস উদ্দিন জানান, বালাম বই, স্ট্যাম্প ও ১০ লাখ আট হাজার ২০০ টাকার পে-অর্ডার জব্দ করে ইউএনও নিয়ে এসেছেন।
ইউএনও ছরোয়ার হোসেন জানান, অপহরণকারীরা জমি লিখে নেওয়ার প্রায় ৯০ ভাগ কাজই করে ফেলেছে। তার পরও প্রকৃত মালিকদের জমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।