অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা, শারজায় ৭ বাংলাদেশি গ্রেপ্তার
সংযুক্ত আরব আমিরাতের শারজায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে সাতজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করে তাঁরা ১০ হাজার দিরহাম মুক্তিপণ দাবি করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।তবে গ্রেপ্তার করা সন্দেহভাজন সাত অপহরণকারী বা অপহূতের নাম-পরিচয় জানা যায়নি।শারজা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানায়, সম্প্রতি ওই ব্যক্তিকে অপহরণ করে আলরোলা এলাকার একটি বাড়িতে রাখা হয়। প্রথমে অপহূত বাংলাদেশির এক বন্ধু ফোন করে তাঁদের জানান, অপহরণকারীরা তাঁর বন্ধুকে মুক্তির বিনিময়ে ফোন করে ১০ হাজার দিরহাম দাবি করছেন। এরপর পুলিশ ওই বন্ধুকে সন্দেহভাজন অপহরণকারীদের কাছে মুক্তিপণের অর্থ পৌঁছে দেওয়ার পরামর্শ দেয়। মুক্তিপণের অর্থ নেওয়ার সময় একজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।শারজা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একজন কর্মকর্তা জানান, ‘জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ওই বাংলাদেশি স্বীকার করেন, আরও ছয়জন সহযোগীকে নিয়ে তিনি ওই অপহরণ করেন। এরপর ওই বাড়িতে অভিযান চালিয়ে অপহূত ব্যক্তি এবং অন্য ছয়জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দুজন তাঁদের জামিনদারপ্রতিষ্ঠান থেকে পলাতক ছিলেন এবং একজন অবৈধভাবে বসবাস করছিলেন।ওই পুলিশ কর্মকর্তা জানান, সন্দেহভাজন সাত বাংলাদেশিকে আটক রাখা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। খালিজ টাইমস।