অপহরণ খুন ছিনতাই শঙ্কিত এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। চলতি বছরের তিন মাসে উপজেলায় দুটি শিশু অপহরণ, চারটি খুন, সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের টাকা চুরি, পাঁচটি ডাকাতি, আটটি মোটরসাইকেল ছিনতাই ও ২৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িত লোকজনের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিতে না পারায় এলাকাবাসী শঙ্কিত হয়ে পড়েছেন।
আদমদীঘি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল মহিত তালুকদার উদ্বেগ প্রকাশ করে বলেন, স্বাধীনতার পর থেকে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির এ ধরনের অবনতি কখনো ঘটেনি। তিনি এর জন্য পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, সোনালী ব্যাংকের টাকা চুরির ঘটনায় এখন পর্যন্ত উল্লেখ করার মতো কোনো অগ্রগতি হয়নি। এ ছাড়া নির্বাচনের কারণে পুলিশ ব্যস্ত থাকায় যেসব অপরাধ ঘটেছে, সেগুলোর সঠিক তদন্ত করা সম্ভব হয়ে ওঠেনি। পুলিশ এখন সময় দিতে পারবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
জানা গেছে, গত ৮ মার্চ উপজেলা সদরের সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ও ব্যাংকের ভল্ট ভেঙে ৩২ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ব্যাংকের পাশের একটি আসবাবের দোকানের মালিক-কর্মচারী এবং কয়েকজন ওয়েল্ডিং মিস্ত্রিসহ প্রায় ২০ জনকে আটক করে। পরে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁদের পুলিশি রিমান্ডে আনে। কিন্তু তাঁদের কাছ থেকে উল্লেখযোগ্য তথ্য পেতে ব্যর্থ হওয়ায় মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু এখন পর্যন্ত এ তথ্য উদ্ঘাটনে পুলিশ ব্যর্থ হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সাওইল গ্রামের ইটভাটার মালিক বজলুর রহমানের ছেলে প্রথম শ্রেণীর ছাত্র জিসানকে (৭) ইসলামি জলসা থেকে কৌশলে অপহরণের পর ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তাদের দাবি করা টাকা দিতে না পারায় শিশুটিকে খুন করে দুর্বৃত্তরা। অপহরণের পাঁচ দিন পর ৩ জানুয়ারি জিসানের লাশ উদ্ধার করে পুলিশ। ১৬ জানুয়ারি বিকেলে উপজেলার কালাইকুড়ি গ্রামের ছায়ফুল ইসলামের ছেলে স্বাধীনকে (৫) অপহরণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। ৪ মার্চ উপজেলার কদমা গ্রামে মাত্র ২১ দিন বয়সের হোসেন নামের এক শিশুকে পুকুরের পানিতে ফেলে হত্যা করা হয়।
আদমদীঘি উপজেলা মসজিদের ইমাম ও মাদ্রাসাশিক্ষক ময়েন উদ্দীন ৮ মার্চ সকালে তাঁর গ্রামের বাড়ি উপজেলার চাটখৈইর থেকে আদমদীঘি সদরের উদ্দেশে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। ১১ মার্চ তাঁর লাশ রাজশাহীর পদ্মার চর থেকে উদ্ধার করে মতিহার থানার পুলিশ।
এ ছাড়া ১৮ জানুয়ারি দিবাগত রাতে চোরেরা আদমদীঘির মুরইল কুমারপাড়া গ্রামের সাইদুর রহমানের প্রায় ৮০ হাজার টাকা মূল্যের দুটি গরু চুরি করে নিয়ে যায়। একই রাতে মুরইল বাজারে রাখা জাকেরুল ইসলামের ছয় লাখ টাকা মূল্যের একটি মিনি ট্রাক এবং উজ্জ্বলতা গ্রামের দুলাল তালুকদারের মোটরসাইকেল চুরি হয়। এ ছাড়া একই রাতে বাহাদুরপুর গ্রামের স্কুলশিক্ষক রিয়াজ উদ্দীনের বাড়ির জানালার গ্রিল কেটে চোরেরা নগদ পাঁচ হাজার টাকা ও ছয় ভরি ওজনের সোনার গয়নাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ২৮ জানুয়ারি রাতে বামনী গ্রামের অনুকূল চন্দ্র মাস্টার ও মুকুল প্রামাণিকের আটটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ছাড়া উপজেলার কয়েকটি গ্রাম থেকে আরও ১৭টি গরু চুরি হয়। একই সময়ে উপজেলার কুন্দগ্রাম, ছাতিয়ানগ্রাম, নশরৎপুর ও উপজেলা সদরের বিভিন্ন রাস্তা থেকে আটটি মোটরসাইকেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।