অপহরণ-চাঁদাবাজিতে ২০ হাজার মৌয়াল আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে এখন চলছে মধু আহরণের মৌসুম। এ সময় বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও সাতক্ষীরার ২০ হাজার মৌয়াল বনে গিয়ে মধু সংগ্রহ করেন। এবারও বনদস্যুরা মৌয়ালদের কাছ থেকে চাঁদা আদায় করছে। চাঁদা না দিলে অপহরণ করে আদায় করা হচ্ছে মুক্তিপণ। টাকা না দিলে চালানো হচ্ছে নির্যাতন। এতে মৌয়ালদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত দেড় মাসে পশ্চিম সুন্দরবন এলাকা থেকে ২০-২৫ জন মৌয়ালকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়। এর মধ্যে আটটি ঘটনার তথ্য পাওয়া গেছে। কয়েক দিন আগে অপহূত এক মৌয়াল গতকাল সোমবার পর্যন্ত ফেরেননি। সুন্দরবন পূর্ব বিভাগ সূত্রে জানা গেছে, ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু হয়েছে। মৌয়ালদের নৌকাপ্রতি আট হাজার টাকা দিয়ে পাস নিয়ে বনে ঢুকতে হচ্ছে। পাশাপাশি নির্বিঘ্নে মধু সংগ্রহের জন্য তাঁরা বনদস্যুদের নৌকাপ্রতি দুই-তিন হাজার টাকা দিচ্ছেন। এর পরও মৌয়ালেরা আতঙ্কে আছেন। সুন্দরবনে কমপক্ষে সাত-আটটি বনদস্যু বাহিনী সক্রিয় থাকায় এক বাহিনী টোকেন দিয়ে চাঁদা নিলেও আরেক বাহিনী তাঁদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। সোরা গ্রামের নওশের গাজী ও দাতিনাখালীর আবু জাফরসহ কয়েকজন মৌয়াল জানান, বনে ঢুকে কোনোভাবেই বনদস্যুদের ফাঁকি দেওয়া যাচ্ছে না। কোনো ধরনের চালাকি করলেই তারা নৌকা থেকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের পাশাপাশি নির্যাতন চালায়। জানা গেছে, ফেব্রুয়ারি মাসে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু মোতালেব বাহিনীর প্রধান মোতালেব নিহত হন। এখন সুন্দরবন ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে রাজু, জুলফিকার, গামা, মান্নান, মজনুসহ নামে-বেনামে প্রায় ১০-১২টি দস্যুবাহিনী সক্রিয় আছে। স্থানীয় লোকজন জানান, শ্যামনগর উপজেলার সিংহড়তলী গ্রামের আবদুল জলিলকে বনদস্যুরা ১১ এপ্রিল সুন্দরবনের কদমতলা স্টেশনের সুপদ খাল থেকে ১০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে। ১৩ এপ্রিল সকালে মুক্তিপণের টাকা পরিশোধ করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। চুনকুড়ি গ্রামের সন্ন্যাসী মণ্ডলকে ৪ এপ্রিল দোবেকী এলাকা থেকে ১৫ হাজার টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। টাকা পৌঁছে দিলে কয়েক দিন আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ১ এপ্রিল সকালে কাছিকাটা জোড়শিং এলাকা থেকে ১০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে মথুরাপুর গ্রামের অমল রপ্তানকে অপহরণ করা হয়। তিন দিন পর আট হাজার টাকা দিলে তাঁকে মুক্তি দেওয়া হয়। ২০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে ২৯ মার্চ হরিণগর গ্রামের নজরুল মোড়লকে জলদস্যুরা অপহরণ করে। তিন দিন পর সাত হাজার টাকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।১ এপ্রিল মাহমুদা নদীর বৈকারীর মাইটভাঙ্গা থেকে রেজাউল এবং ৫ এপ্রিল মাথাভাঙ্গা নদীর বাধলতা খাল থেকে কদমতলা গ্রামের তাজুল ইসলামকে ৩০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। মুক্তিপণ দেওয়ার পর ৩ এপ্রিল তাঁদের ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ৬ এপ্রিল বুড়িগোয়ালিনী গ্রামের শরিফুল ইসলামকে ১৫ হাজার টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। তিনি গতকাল পর্যন্তও ফিরে আসেননি। ৩০ মার্চ বয়ারশিং এলাকা থেকে সোরা গ্রামের তাপস মণ্ডল ও ইমান আলীকে ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। ১৬ এপ্রিল মুক্তিপণের টাকা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। শ্যামনগর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) আবদুস সামাদ জানান, ঝামেলা এড়াতেই জলদস্যুদের বিষয়ে ভুক্তভোগী মৌয়ালেরা পুলিশকে কিছুই জানান না। এ কারণে তাঁরা ব্যবস্থা নিতে পারেন না। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো বলেন, বনদস্যুদের উৎপাত বন্ধে তাঁরা সর্বাত্মক চেষ্টা করবেন।