সিলেটের বিশ্বনাথে গত মঙ্গলবার রাতে একজন ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। একই রাতে রংপুর সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক ও টাঙ্গাইলের সখীপুরে এক ব্যবসায়ী নেতা নিখোঁজ হয়েছেন।
এদিকে মৌলভীবাজারের বড়লেখায় দুদিন ধরে খোঁজ নেই একজন ট্রাকচালকের। ব্যাংক থেকে টাকা তুলে গন্তব্যে রওনা দেওয়ার পর থেকেই তিনি উধাও। প্রতিটি ঘটনাতেই সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সিলেটে ব্যবসায়ী অপহূত: সিলেটের বিশ্বনাথে অপহূত হয়েছেন ফয়জুল খান নামের এক ব্যবসায়ী। তিনি উপজেলার শ্রীধরপুর গ্রামের বাসিন্দা ও নতুন বাজার এলাকায় ‘খান ফার্নিচারের’ মালিক।
ফয়জুল খানের ছেলে জয়নুল ইসলাম খান জানান, তাঁর বাবা মঙ্গলবার বেলা দুইটায় উপজেলার বাগিচা বাজারে যাওয়ার কথা বলে দোকান থেকে বের হন। সন্ধ্যা সাড়ে সাতটায় মুঠোফোনে তাঁর সঙ্গে সর্বশেষ কথা হয়। এর পর থেকে তাঁর ফোন বন্ধ। রাতেও বাসায় ফেরেননি। গতকাল ভোর চারটার দিকে নিজেই ফোন করে জানান, তিনি অপহূত হয়েছেন। তিন লাখ টাকা দিলে অপহরণকারীরা তাঁকে মুক্তি দেবে বলে জানিয়েছে।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) ফজলে রাব্বী বলেন, অপহূত ফয়জুল খানকে উদ্ধারে অভিযান চলছে।
রংপুরে বিএনপি নেতা নিখোঁজ: নিখোঁজ রেজওয়ানুল হক সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করেছেন তাঁর স্ত্রী সদর উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক রীনা বেগম। তিনি সদর উপজেলা পরিষদের নির্বাচনে ১৯-দলীয় জোট-সমর্থিত নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।
রীনা বেগম জানান, রংপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন ১৯ মে। তাঁর নির্বাচনী পোস্টার আনতে তাঁর স্বামী মঙ্গলবার সন্ধ্যায় শহরে যান। কিন্তু রাত পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি। মুঠোফোনটিও রয়েছে বন্ধ। অনেক খোঁজাখুঁজি করেও গতকাল (বুধবার) পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।
ঘটনা তদন্তে নিয়োজিত পুলিশের উপপরিদর্শক (এসআই) হোসেন আলী জানান, রেজওয়ানুলকে উদ্ধারে চেষ্টা চলছে।
টাঙ্গাইলে ব্যবসায়ী নেতা নিখোঁজ: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া বাজার বণিক সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী আবদুল বারী নিখোঁজ হয়েছেন। তাঁর স্ত্রী মাজেদা আক্তার এ ব্যাপারে গতকাল সখীপুর থানায় জিডি করেন। আজ বৃহস্পতিবার সমিতির নির্বাচন হওয়ার কথা।
আবদুল বারীর মেয়ে বিনা আক্তার জানান, মঙ্গলবার রাত আটটার দিকে তাঁর বাবা কালিয়া বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে নির্বাচনী প্রচারণার কাজে পাশের কচুয়া বাজারে যান। প্রচারণা শেষে ১০টার দিকে সখীপুর শহরে যাওয়ার জন্য একটি লেগুনায় ওঠেন। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, আবদুল বারীকে উদ্ধারের চেষ্টা চলছে।
মৌলভীবাজারে ট্রাকচালক নিখোঁজ: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুদিন ধরে নিখোঁজ রয়েছেন ট্রাকচালক মো. নুরুল ইসলাম (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নুরুল ইসলাম গত মঙ্গলবার দুপুরে বড়লেখা পৌর শহরের উত্তর বাজারে কৃষি ব্যাংক থেকে এক লাখ ৮১ হাজার টাকা তোলেন। টাকা নিয়ে শ্বশুরবাড়ি উপজেলার পাকশাইল গ্রামে যাওয়ার কথা ছিল তাঁর। ব্যাংক থেকে বেরোনোর পর বেলা দুইটা থেকে তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও গতকাল পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।
এ ঘটনায় মঙ্গলবার রাতে নুরুল ইসলামের ভাই বদরুল ইসলাম বড়লেখা থানায় একটি জিডি করেন। নুরুল ইসলাম উপজেলার ঘোলশা গ্রামের কুতুব আলীর ছেলে।
বড়লেখা থানার ওসি মো. আবুল হাসেম বলেন, ‘নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। আমরা তাঁর সন্ধানে বিভিন্ন জায়গায় বার্তা পাঠিয়েছি।’
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর এবং মৌলভীবাজার, বিশ্বনাথ (সিলেট) ও সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি]