অপহরণ থামছেই না
দেশের কোথাও না কোথাও প্রতিদিনই অপহরণ বা অপহরণের পর লাশ উদ্ধারের ঘটনা ঘটছে। কিন্তু কারা, কেন এসব ঘটাচ্ছে, তার কিছুই জানা যাচ্ছে না। ফলে এ নিয়ে দেশজুড়ে আতঙ্ক বাড়ছেই।
অভিযোগ উঠেছে, অপহরণের ঘটনাগুলোর কোনো তদন্তই হয় না। কোথাও চাপের মুখে পুলিশ অভিযোগ নিলেও তদন্ত হচ্ছে নামেমাত্র।
গতকাল মঙ্গলবার ঢাকার ধামরাই থেকে অপহূত হয়েছেন এক ব্যবসায়ী। নাটোরে অপহূত ভটভটিচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অপহরণের ৪০ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন আরেক ব্যক্তি। নোয়াখালীতে বিএনপির নেতা অপহরণের সাড়ে সাত ঘণ্টা পর এবং চট্টগ্রামে দুজন অপহরণের ছয় ঘণ্টা পর উদ্ধার হয়েছেন। রাজবাড়ী থেকে অপহূত গাড়িচালকের লাশ অজ্ঞাত হিসেবে দাফন করেছে আঞ্জুমানে মুফিদুল ইসলাম। পরে স্বজনেরা পোশাক দেখে শনাক্ত করেন।
এদিকে জন-আতঙ্ক দূর করতে গতকাল সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর জেলার পুলিশ সুপার আবদুল বাতেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই। অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানে দেখা গেছে, এ বছরের চার মাসেই সারা দেশে ৫৩ জন অপহরণের শিকার হয়েছেন। এ হিসাব নেওয়া হয়েছে সংবাদপত্র থেকে। ফলে যেসব ঘটনা সংবাদপত্রে আসেনি, সেগুলো হিসাবের বাইরে রয়ে গেছে।
গত রোববার দুপুরে নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহূত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমারসহ সাতজন। অপহূতদের উদ্ধারের দাবিতে গতকালও দেড় ঘণ্টা সড়ক অবরোধ করেছে জনতা।
সাভার থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ঢাকার ধামরাইয়ের জয়পুরা এলাকা থেকে গত সোমবার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে রেজাউল করিম (৩৫) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে দুর্বৃত্তরা। গতকাল পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি। অপহূত রেজাউল ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের বানেশ্বর গ্রামের তমিজউদ্দিনের মেজ ছেলে। তিনি একটি ইটভাটার অংশীদার। রেজাউলের স্ত্রী সাহেরা বেগম বলেন, রাত ১০টার দিকে তিনি জানতে পারেন, ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন লোক তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে।
জয়পুরা বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের কর্মচারী মরু মিয়া বলেন, রাত নয়টার দিকে তাঁদের দোকানের অদূরে মহাসড়কের উত্তর পাশে একটি মাইক্রোবাস এসে থামে। কয়েক মিনিট পর চার থেকে পাঁচজন লোক মাইক্রোবাস থেকে নেমে দোকানের সামনে আসে। এরা জোর করে রেজাউলকে মাইক্রোবাসে তুলে ঢাকার দিকে নিয়ে যায়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, ঘটনার পরপরই খবর পেয়ে রেজাউলের বাড়িতে পুলিশ পাঠানো হয়।
সিরাজগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, অপহরণের ৪০ ঘণ্টা পর অচেতন অবস্থায় নূর ইসলাম (২৬) নামের এক ব্যক্তিকে পাওয়া গেছে। তিনি বর্তমানে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাবা উল্লাপাড়া পৌরসভার পশ্চিমপাড়া মহল্লার ইয়াকুব আলী জানান, গত রোববার সকাল ১০টার দিকে অপহরণকারীরা একটি নছিমনে করে অচেতন অবস্থায় নূর ইসলামকে বনপাড়ার দিকে নিয়ে যাওয়ার পর উল্লাপাড়া বড়গোজা সেতুর পাশে নছিমনটি দাঁড় করায়। এ সময় স্থানীয় একটি চায়ের দোকানের কিছু লোক তাঁকে চিনে ফেললে নছিমনটি রেখে তারা পালিয়ে যায়।
রাজবাড়ী প্রতিনিধি জানান, নিখোঁজ গাড়িচালক আবুল কালাম আজাদের লাশ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যায় ফরিদপুরে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কার্যালয়ে তাঁর লাশ শনাক্ত করা হয়। তাঁর ছেলে আল আমিন (২৬) বলেন, তাঁর গাড়িচালক বাবা ২১ এপ্রিল রাজবাড়ী শহরের রেলগেট এলাকা থেকে যাত্রী নিয়ে ফরিদপুরের কানাইপুরে যাওয়ার পর নিখোঁজ হন।
নগরকান্দা থানার ওসি আফছার উদ্দিন জানান, ২৩ এপ্রিল নগরকান্দা থানা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কুমার নদের পাড় থেকে একটি বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। লাশের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। কিন্তু পরিচয় না পাওয়ায় আঞ্জুমানে মুফিদুল ইসলামের কার্যালয়ে লাশটি হস্তান্তর করা হয়েছিল। পরে স্বজনেরা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন।
নাটোর প্রতিনিধি জানান, অপহরণের এক দিন পর গত সোমবার রাতে নাটোরের নলডাঙ্গা থেকে অপহূত ভটভটিচালকের লাশ পাওয়া গেছে। রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি ভুট্টাখেত থেকে ওই চালকের লাশ এবং চারঘাট উপজেলার একটি বাড়ি থেকে ভটভটিটি উদ্ধার করে পুলিশ।
নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, রোববার দুপুরে নাটোরের নলডাঙ্গা বাজার থেকে রাজশাহীর পুঠিয়ায় যাওয়ার কথা বলে দুর্বৃত্তরা একটি ভটভটি ভাড়া করে। কিছুদূর যেতেই ভটভটিসহ চালক কামাল হোসেনকে অপহরণ করে তারা।
নলডাঙ্গা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, কামাল হোসেনকে অপহরণকারীরা গলা টিপে হত্যা করে ভুট্টাখেতের ভেতরে মাটিচাপা দিয়ে রেখেছিল। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।