যে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়নের চারটি আদিবাসী গ্রামে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে; তিনি হলেন ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক কামাল হোসেন (২৮)। বর্তমানে তিনি পুলিশি নিরাপত্তায় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অপহরণের ঘটনাটি অনেকেই সাজানো নাটক, পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যে বলে মন্তব্য করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে ২৪ নম্বর বেডে শুয়ে গতকাল সোমবার বেলা ১১টায় কামাল হোসেন নিজেকে খুব ক্লান্ত, অসুস্থ দাবি করে খুব নিচু স্বরে ধীরে ধীরে কথা বলেন। অপহরণ সম্পর্কে তিনি বলেন, শনিবার বেলা ১১টার দিকে এক আদিবাসী মহিলাকে নিয়ে তিনি ভগবানটিলা এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে বান্দরশিং এলাকায় অপরিচিত দুই আদিবাসী যুবক তাঁর মোটরসাইকেলে ওঠেন। কিছুদূর যাওয়ার পর রাস্তায় ১৪-১৫ জন আদিবাসী যুবক তাঁদের গতিরোধ করে। কামালকে যুবকেরা অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি দুজনের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তাঁদের একজন একই এলাকার মোটরসাইকেলের চালক মো. জাহাঙ্গীর। অপরজনের নাম তিনি জানাতে পারেননি। একপর্যায়ে যুবকেরা তাঁকে ধরে ফেলেন এবং চোখ বেঁধে জঙ্গলের দিকে নিয়ে যান। এ সময় তাঁকে মারধর করা হয়।
কামাল আরও জানান, যখন পাহাড়িদের বাড়িঘরে আগুন লাগানোর খবর আসে, তখন অপহরণকারীরা তাঁকে একটি মুঠোফোন দিয়ে তাঁর নিকটজনদের জানাতে বলেন যে তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে। যাতে পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়া বন্ধ করা হয়। এরপর পাহাড়িরা জঙ্গল ও সেগুনের বাগান অতিক্রম করে এক বাঙালি ঘরের কাছে গিয়ে ছেড়ে দেন। তিনি ওই ঘরে গিয়ে তাঁকে উদ্ধার করার জন্য পরিচিত ব্যক্তিদের খবর দেন। তিনি আরও জানান, তিন বছর ধরে এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাচ্ছেন। কেউ তাঁর কাছে চাঁদা দাবি করেনি। অপহরণের পরও তাঁর কাছ থেকে কেউ চাঁদা চায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সব্যসাচী নাথ বলেন, কামাল হোসেনকে শনিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তির সময় তাঁর হাতে সামান্য আঘাত, বুক ও পেটে ব্যথা অনুভব এবং চোখে সমস্যা হচ্ছে বলে জানান। এখন রোগী আগের চেয়ে অনেক সুস্থ।
অপহরণ বিষয়ে তাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, অপহরণের ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। রাজনৈতিক উদ্দেশ্যে এবং সরকারকে বেকায়দায় ফেলার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। অপহূত কামাল হোসেন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি প্রশ্ন তুলে বলেন, যদি তাঁকে অপহরণকারীরা ধাওয়া করে থাকেন, সে সময় তিনি (চালক কামাল হোসেন) কীভাবে একজনকে ফোন করে তাঁকে আবার ফোন করতে (কল ব্যাক) বললেন।
একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফণীভূষণ চাকমা ও বান্দরশিং পাড়ার কার্বারি (গ্রামপ্রধান) বলেন, অপহরণের বিষয়টি সম্পূর্ণ সাজানো নাটক। আদিবাসীদের উচ্ছেদ করা ও আর্থিকভাবে দুর্বল করার উদ্দেশ্যে এ ঘটনা উদ্দেশ্যমূলকভাবে ঘটানো হয়েছে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) শাহজাহান রহমান বলেন, এটা আসলে অপহরণ নয়, সাজানো নাটক। অপহরণের কোনো আলামত কামাল হোসেনের মধ্যে নেই। সুস্থ হয়ে উঠলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।