অপহরণ নাটক নিয়ে বিপাকে পুলিশ
গত ১৬ এপ্রিল বগুড়া শহরের নামাজগড়-সুলতানগঞ্জপাড়ার আরজুউল্লাহর ছেলে তানভির আহমেদ (২০) নিখোঁজ হন৷ এরপর একটি মুঠোফোন নম্বর থেকে তানভিরের মায়ের কাছে কিছু টাকা দাবি করা হয়৷ ২৭ এপ্রিল তানভিরের পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়৷ এরপর পুলিশের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ এনে তানভিরের পরিবারের লোকজন জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে অভিযোগ করেন৷
এর পরিপ্রেক্ষিতে গত ৩০ এপ্রিল এসপি তানভিরকে উদ্ধারের নির্দেশ দেন গোয়েন্দা পুলিশকে৷ মুঠোফোন প্রযুক্তি ব্যবহার করে ডিবি পুলিশ নিশ্চিত হয়, তানভির বরিশালে অবস্থান করছেন৷ এরপর ডিবি পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, পরিচিত এক ব্যক্তির সঙ্গে তিনি বরিশালে বেড়াতে গিয়েছেন এবং পরিবারের কাছ থেকে টাকা আদায় করার জন্য তিনি অপহরণের নাটক সাজিয়েছেন৷ এরপর পুলিশের চাপে ৬ মে তানভির বাড়ি ফিরে আসেন৷
এভাবে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করতে বা অপরকে ফাঁসাতে নিজে আত্মগোপনে গিয়ে বগুড়ায় বেশ কয়েকটি অপহরণের ‘নাটক’ সাজানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ এতে করে ভোগান্তির শিকার হচ্ছে পুলিশ৷ পাশাপাশি পুলিশের নিয়মিত কাজেও বিঘ্ন ঘটছে৷
বগুড়ার এসপি মো. মোজাম্মেল হক বলেন, দেশজুড়ে অপহরণের মতো অপরাধ এখন খুবই স্পর্শকাতর বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে৷ বগুড়ার পুলিশও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কিন্তু এখানে অপহরণের নাটক ফেঁদে যা করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক৷
বগুড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজিউর রহমান বলেন, দেশজুড়ে অপহরণের ঘটনা বেড়ে যাওয়ার উদ্বেগের মধ্যে ৬ মে পুলিশের কাছে অভিযোগ আসে, বগুড়া সদরের শাখারিয়া নামাপাড়া এলাকার মোকছেদুর রহমান নামের এক ব্যক্তিকে শহরের সাতমাথা থেকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন লোক তুলে নিয়ে গেছে৷ এরপর মুঠোফোনে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা চাওয়া হয়৷ পুলিশ ওই দিন রাতেই মোকছেদুরকে উদ্ধারে মাঠে নামে৷ ওই দিন রাতে শহরের বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করেন মোকছেদুর৷ পরের দিন নিজে থেকেই পরিবারের কাছে ফিরে আসেন৷ পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, মোকছেদুর ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত৷ মাদক ব্যবসার পুঁজির টাকা জোগাড় করার জন্য তিনি অপহরণের নাটক সাজিয়েছিলেন৷
মোকছেদুর রহমান অবশ্য পুলিশের এই অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, সত্যিকার অর্থেই তিনি অপহৃত হয়েছিলেন এবং মুক্তিপণের টাকা দিয়ে ছাড়া পেয়েছেন৷
এএসপি বলেন, সর্বশেষ অপরকে ফাঁসাতে নিজে থেকে আত্মগোপন করে অপহরণের নাটক সাজিয়েছেন শহরের হাকির মোড় এলাকার হায়দার আলী নামের এক স্কুলশিক্ষক৷ হায়দার জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাট উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে চাকরি করেন৷ ৪ মে শহরের হাকির মোড় এলাকা থেকে হায়দার নিখোঁজ হন উল্লেখ করে তাঁর পরিবারের লোকজন বগুড়া সদর থানায় জিডি করেন৷ এরপর তাঁর স্ত্রীর মুঠোফোন নম্বরে মুক্তিপণ চেয়ে আসতে থাকে একের পর এক খুদে বার্তা৷ একপর্যায়ে হায়দারকে উদ্ধারে পুলিশের একাধিক দলকে মাঠে নামান এসপি৷
মুক্তিপণ চেয়ে খুদে বার্তা পাঠানো মুঠোফোন নম্বরের তথ্য সংগ্রহ করে পুলিশ জানতে পারে—ওই সব মুঠোফোন নম্বরের সবগুলোই হায়দারের নামে নিবন্ধন করা৷ এমনকি বিকাশের মাধ্যমে যে নম্বরে মুক্তিপণের টাকা নেওয়া হয়েছে, সেটিও নিখোঁজের দিন শহরের একটি দোকান থেকে হায়দার নিজের নামে কেনেন৷