অপহরণ নাটক সাজাতে গিয়ে ফেঁসে গেলেন
দেশজুড়ে অপহরণ আতঙ্কের মধ্যে অন্যকে ফাঁসাতে ‘অপহরণ নাটক’ সাজাতে গিয়ে বগুড়ায় এক স্কুলশিক্ষক নিজেই পুলিশের হাতে ফেঁসে গেছেন। ওই শিক্ষকের নাম হায়দার আলী। তিনি বগুড়া শহরের হাকিরমোড় এলাকার বাসিন্দা এবং জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
জমি বিক্রির জন্য এক আত্মীয়ের কাছ থেকে টাকা নিয়ে দলিল না করে দিয়ে তাঁকে অপহরণের মামলায় ফাঁসাতে ওই শিক্ষক আত্মগোপন করেন। এরপর নিজের নামে নিবন্ধন করা একাধিক গোপন মুঠোফোন নম্বর থেকে খুদে বার্তা পাঠিয়ে পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেন। অপহরণের নাটকে বিশ্বাসযোগ্যতা আনতে তিনি ঘনঘন অবস্থান পরিবর্তন করেন। ১০ দিন ধরে পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায়ে এভাবে সাজানো অপহরণের লুকোচুরি খেলা খেলতে গিয়ে শেষে পুলিশের ফাঁদে ধরা পড়েন। গত মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশ বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করে।
পুলিশ জানায়, ৪ মে বগুড়া শহরের হাকিরমোড় এলাকার বাসা থেকে বের হয়ে হায়দার আলী আত্মগোপন করেন। এরপর কয়েকটি মুঠোফোনের নম্বর থেকে স্ত্রী দুলালী বেগমের মুঠোফোনে একের পর এক খুদে বার্তা পাঠিয়ে মুক্তিপণ দাবি করেন। পরিবারের লোকজন বগুড়া সদর থানায় সাধারণ ডায়েিরও করেন, পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে হায়দারকে উদ্ধারের অনুরোধ করেন। পুলিশের একাধিক দল ওই দিনই হায়দারকে উদ্ধারে মাঠে নামে। মুঠোফোনে প্রযুক্তি ব্যবহার করে পুলিশ জানতে পারে মুক্তিপণ চেয়ে যেসব নম্বর থেকে খুদে বার্তা পাঠানো হচ্ছে, সবই হায়দারের নামে নিবন্ধন করা। পুলিশ নিশ্চিত হয়ে তাঁকে আটকের জন্য সম্ভাব্য সব স্থানে করে খুঁজতে থাকে। কিন্তু কৌশল পাল্টিয়ে হায়দার অপহরণের বিষয়টি প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে ওঠে। মুক্তিপণ চেয়ে খুদে বার্তা পাঠানো অব্যাহত থাকে।
মঙ্গলবার স্ত্রীর মুঠোফোনে একটি খুদে বার্তা আসে। ‘আমাকে জীবন্ত ফেরত চাইলে এক লাখ ৭৫ হাজার টাকা নিয়ে এখনই ঢাকা আসো।’ স্ত্রী নিশ্চিত হয়, হায়দার সত্যিই অপহৃত হয়েছেন। মুক্তিপণের টাকা নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দেন স্ত্রী। সঙ্গে গোয়েন্দা পুলিশের একটি দল। যমুনা সেতু পার হওয়ার পর খুদে বার্তা পাঠিয়ে পুলিশ নিশ্চিত হয়, হায়দার শেরপুর উপজেলার ফুডভিলেজে অবস্থান করছেন। দিনভর স্ত্রীকে দিয়ে ফাঁদ পাতে পুলিশ। হায়দারের দেখা নেই। এবার খুদে বার্তা দিয়ে রাত আটটার দিকে স্ত্রীকে শেরপুর বাসস্ট্যান্ডে আসতে বলেন। পুলিশ সেখানেও ওত পাতে। একপর্যায়ে হায়দার সিএনজিচালিত অটোরিকশায় এসে স্ত্রীকে তুলে নিয়ে চম্পট দেন। পুলিশও পিছু নেয়। একটু পর ধরে ফেলে হায়দারকে।
গতকাল বুধবার বগুড়ার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের কাছে সাজানো অপহরণ নাটকের বর্ণনা দেন হায়দার। পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, ‘দেশজুড়ে অপহরণ আতঙ্কের সুযোগ নিয়ে হায়দার এই নাটক মঞ্চস্থ করেছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা হবে।’