অপহরণ নাটক সাজিয়ে ধরা
ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে গত ২৫ মার্চ পাঁচজনের বিরুদ্ধে নিজের শিশু ছেলেকে অপহরণ করার অভিযোগ দেন জামাল হোসেন নামের এক ব্যক্তি৷ আদালত কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন৷ গত রোববার রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অভিযান চালিয়ে বাদী জামালের কাছ থেকেই তাঁর ছেলে আবু বক্করকে উদ্ধার করে পুলিশ৷
জামাল হোসেনের বাড়ি আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরাশরীফ গ্রামে৷ গ্রেপ্তারের পর গতকাল সোমবার সকালে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে৷
জানা গেছে, ২৫ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের প্রথম আদালতের বিচারক মো. সাইফুর রহমান সিদ্দিকের কাছে জামাল হোসেন অভিযোগ করেন, তাঁর দ্বিতীয় স্ত্রীর ছেলে আবু বক্কর ১৮ মার্চ তাঁর প্রথম স্ত্রী বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামে বেড়াতে যান৷ সেখান থেকে তাঁর আত্মীয় কসবা উপজেলার খাড়েরা গ্রামের কবির হোসেনসহ পাঁচ ব্যক্তি আবু বক্করকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন৷ বিচারক মো. সাইফুর রহমান সিদ্দিক ওই দিনই অভিযোগটি পিটিশন মামলা হিসেবে অন্তর্ভুক্ত করে কসবা থানার ওসিকে সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন৷
শিশুটির অবস্থান নিশ্চিত হয়ে রোববার রাতে কসবা থানার পুলিশ ময়মনসিংহের নান্দাইল উপজেলার স্টেশন রোডে জামালের দ্বিতীয় স্ত্রীর বাসায় অভিযান চালায়৷ সেখান থেকে জামালকে গ্রেপ্তার করা হয় এবং আবু বক্করকে উদ্ধার করা হয়৷
খোঁজ নিয়ে জানা গেছে, কসবার খাড়েরা গ্রামের অভিযুক্ত কবির হোসেন জামালের প্রথম স্ত্রীর ভগ্নিপতি৷ তাঁর সঙ্গে জামালের দ্বন্দ্ব চলে আসছিল৷ তাঁকে ফাঁসাতেই জামাল অপহরণ নাটক সাজিয়েছিলেন৷