অপহরণ নাটক সাজিয়ে মুক্তিপণ দাবি, ছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আত্মগোপন করে অপহরণের নাটক সাজিয়ে বন্ধুদের দিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছেন মোজাম্মেল হক (২১) নামের এক কলেজছাত্র। পুলিশ মোজাম্মেলকে এবং কাওছার গনি (২২) নামের তাঁর এক বন্ধুকে গ্রেপ্তার করেছে। মোজাম্মেল জামিনে মুক্তি পেলেও গনি এখনো গ্রেপ্তার রয়েছেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, মোজাম্মেল হাটহাজারী থানার কুয়াইশ এলাকার আলমগীর হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র। ইন্টারনেট-ভিত্তিক নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে প্রায় আড়াই লাখ টাকা লোকসান দেন তিনি। এই টাকা উসুল করতে তিনি আত্মগোপন করে কয়েকজন বন্ধুকে দিয়ে বাসায় ফোন করিয়ে একাধিকবার মুক্তিপণ দাবি করেন। পরে তাঁকে লাকসাম থেকে ‘উদ্ধার’ করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন প্রথম আলোকে বলেন, গত ৩১ মার্চ সকালে বাড়ি থেকে কলেজে যাওয়ার কথা বলে বের হন মোজাম্মেল। এরপর তিনি ফেনী চলে যান। ওই দিনই এক বন্ধুকে দিয়ে ফোন করিয়ে পরিবারের সদস্যদের কাছে তিনি মুক্তিপণ বাবদ পাঁচ লাখ টাকা দাবি করেন। এ ঘটনায় মোজাম্মেলের বাবা নগরের খুলশী থানায় গত বৃহস্পতিবার একটি অপহরণের মামলা করেন। এরপর র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান শুরু করে।এসআই আকতার হোসেন জানান, গতকাল রোববার মোজাম্মেল হক ও তাঁর বন্ধু কাওছার গনিকে আদালতে হাজির করে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে মোজাম্মেলকে জামিনে মুক্তি দেন আদালত।