অপহরণ মামলার আসামিদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদককে অপহরণের ঘটনায় হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। ওই ইউনিয়নের লোকজন গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়। কৈলাশগঞ্জ ইউনিয়নবাসীর পক্ষে ইউপি সদস্য নিরঞ্জন প্রসাদ সিংহ লিখিত বক্তব্যে বলেন, মিহির মণ্ডলকে ২২ জুলাই খুলনা নগর থেকে ব্ল্যাকার সামছু অপহরণ করে। ওই দিন সন্ধ্যায় খবর পেয়ে জেলা যুবলীগের নেতাদের সহায়তায় তাঁকে মুক্ত করা হয়। এ বিষয়ে খুলনা থানায় ব্ল্যাকার সামছুসহ তিনজনের নামে অপহরণের অভিযোগে মামলা হয়। মামলার পর থেকে অভিযুক্তরা এলাকার প্রভাবশালী রাজনীতিবিদদের সহায়তায় খুলনা ও দাকোপে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না। ওইসব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ইউপি চেয়ারম্যান মিহির মণ্ডল বলেন, ‘খুলনা-১ আসনের সাংসদ ননীগোপাল মণ্ডলের ছোট ভাই ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমার কাছে বিপুল ভোটে হেরে যান। এ কারণে সাংসদ প্রতিনিয়ত আমার বিরুদ্ধাচরণ করছেন এবং তিনি ওই আসামিদের প্রশ্রয় দিচ্ছেন বলে পুলিশ তাদের ধরছে না।’সাংসদ ননীগোপাল মণ্ডল বলেন, সামছুর রহমান ওরফে ব্ল্যাকার সামছু আর সে (মিহির মণ্ডল) তো একসঙ্গে ব্যবসা করত বলে এলাকার সবাই জানে। সামছু কেন তাকে অপহরণ করল আগে সেটাই আপনারা একটু অনুসন্ধান করে দ্যাখেন।