অপহরণ মামলায় আটজনকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহেল মিয়া
সোহেল মিয়া

রাজধানীর মিরপুরে সোহেল মিয়া নামের এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে আটজন আসামিকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসামিদের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। ওই আট আসামি হলেন, ইয়ামিন, সুমন মল্লিক, মো. খোকন, জাহিদুল ইসলাম, মো. নয়ন, মো. সৈকত, নাজমুল আলম ও শুভ আহমেদ।

সোহেল একটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানির কল সেন্টারে চাকরি করেন। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, আসামিরা তাঁর গলায় শিকল পরিয়ে আটকে রেখেছিল। এমনকি গলায় গামছার ফাঁসও লাগিয়ে হত্যার চেষ্টাও করেছিল। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত রোববার আসামিরা সোহেলকে অপহরণ করে মিরপুরের শেওড়াপাড়ার একটি বাসায় আটকে রাখে। আসামিরা পেশাদার অপহরণকারী। তাঁরা দীর্ঘদিন এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত।