অপহরণ মামলায় চার কিশোর কারাগারে
চট্টগ্রামে হাসিব নামের এক স্কুলছাত্রকে অপহরণের মামলায় চার কিশোরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা স্কুল ও কলেজের ছাত্র।
গতকাল বুধবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন। তাদের জামিনের আবেদন করা হলে আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নগরের ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) প্রিটন সরকার প্রথম আলোকে জানান, নগরের ডবলমুরিং আগ্রাবাদ সিডিএ এলাকায় কোচিং শেষ করে গত সোমবার সন্ধ্যায় বাসায় ফিরছিল নগরের মুসলিম হাইস্কুলের ছাত্র হাসিব। আগ্রাবাদ শিশুপার্ক এলাকায় এলে ওই চার কিশোর তাকে ডাক দেয়। তারা নিজেদের ডিবির সোর্স বলে হাসিবের কাছ থেকে মুঠোফোনটি ছিনিয়ে নেয়। একপর্যায়ে ভয় দেখিয়ে তাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে নগরের টাইগারপাস এলাকায় নিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা ৫০০ টাকাও নিয়ে নেয় কিশোরেরা। টাইগারপাস থেকে নগরের সিআরবি এলাকায় নিয়ে যাওয়ার সময় গাড়ি একটু থামলে কৌশলে নেমে যায় হাসিব।
পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা গাড়িতে থাকা কিশোরদের ধাওয়া দেয়। এ সময় এক কিশোরকে আটক করে জনতা পুলিশে সোপর্দ করে। পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় অপহূত হাসিবের বাবা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে নগরের ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেছেন। এসআই প্রিটন আরও জানান, গ্রেপ্তার কিশোরেরা জানিয়েছেন কৌতূহলবশত তারা সিআইডিসহ বিভিন্ন অনুষ্ঠান দেখে এ কাজ করেছে। গতকাল বুধবার তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠান আদালত।