অপহরণ মামলায় ছাত্রলীগের নেতা কারাগারে
শিশু অপহরণের অভিযোগে যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে স্থানীয় লোকজন জাকিরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। জাকির কেশবপুর উপজেলার কাস্তা গ্রামের আবদুল আজিজ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে জাকিরসহ তিনজন একটি মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী বাঁশবাড়িয়া গ্রাম থেকে আবু সাঈদ (১৩) নামের এক শিশুকে অপহরণের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন জাকিরকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আবু সাঈদ বাঁশবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে। সে বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর জুনিয়র দাখিল পরীক্ষায় (জেডিসি) অংশ নিয়েছে।
এ ব্যাপারে সাঈদের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে কেশবপুর থানায় শিশু অপহরণের একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাঈদকে আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে কেশবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, শিশু অপহরণের সময় স্থানীয় লোকজন জাকির হোসেনকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ ব্যাপারে শিশু অপহরণের অভিযোগ একটি মামলায় হয়েছে। মামলায় জাকিরসহ অজ্ঞাতপরিচয়ের আরও দুজনকে আসামি করা হয়েছে। অপহরণের সময় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছ।
জাকিরকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক দাবি করে একই কমিটির আহ্বায়ক আজহারুল ইসলাম বলেন, ‘জাকির ছাত্রলীগের নেতা। স্থানীয় দলীয় কোন্দলের কারণে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। অবিলম্বে আমরা তাঁর মুক্তির দাবি জানাচ্ছি।’