অপহরণ মামলায় জনসংহতির ৪ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের একটি মামলায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির উপজেলা সাধারণ সম্পাদক বড় ঋষি চাকমাসহ চার নেতা গ্রেপ্তার হয়েছেন। অন্য তিনজন হলেন জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা সভাপতি প্রভাত কুমার চাকমা, সহসাধারণ সম্পাদক ত্রিদিব চাকমা এবং কমিটির সদস্য ও ইউপি সদস্য অজয় চাকমা।

অপহরণের ​একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় তাঁরা জা​মিনে ছিলেন। আজ মঙ্গলবার জামিনের মেয়াদ শেষ হয়। তাই তাঁরা রাঙামাটি জজ আদালতে হাজির হয়ে পুনরায় জা​মিনের আবেদন করেন। কিন্তু আদালত তা নাকচ করে দেন। পরে পুলিশ আদালত প্রাঙ্গণ থেকে দুপুর ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করেন।

গত ৩০ মে বিকেল পাঁচটার দিকে বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনা এলাকা থেকে মুকুল কান্তি চাকমা ও রিপন চাকমা অপহৃত হন। পরে মুকুল কান্তির মেয়ে নমিসা চাকমা বাদী হয়ে বাঘাইছড়ি থানায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির ওই চার নেতার নাম উল্লেখসহ সমিতির কয়েকজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাঙামাটি পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান বলেন, আসামিরা এত দিন জামিনে ছিলেন। আদালত জামিন বাতিল করায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।