অপহরণ মামলায় সাজাপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণ, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় ৬৪ বছরের সাজাপ্রাপ্ত মাগুরার শ্রীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কাজী মহিদুল ইসলাম মুহিতকে (৫৫) গত শুক্রবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর তাঁকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ২০১৪ সালের অক্টোবরে দুর্গাপূজায় বিজয়া দশমীর রাতে দাড়িয়াপুর ইউনিয়নের গোয়ালদহ গ্রামের এক হিন্দু স্কুলছাত্রীকে অপহরণ করে সাত দিন আটকে রেখে ধর্ষণ করেন তৎকালীন দাড়িয়াপুর ইউপির চেয়ারম্যান মুহিত ও তাঁর সহযোগী মো. সুমন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ওই মামলায় মাগুরা জজ আদালত মুহিতকে ৬৪ বছরের সাজা দেন। এ ছাড়া অপহরণ ও ধর্ষণে সহযোগিতার দায়ে মো. সুমনকে ৩২ বছর কারাদণ্ড দেন আদালত। সুমন বর্তমানে কারাগারে বন্দী আছেন।
তবে জালিয়াতির মাধ্যমে হাইকোর্ট থেকে নিজের বয়স ৭০ বছর দেখিয়ে মুহিত জামিনে মুক্তি পান। পরে এ নিয়ে আদালতে অভিযোগ দাখিল হয়। তদন্তে জালিয়াতির বিষয়টি ধরা পড়লে হাইকোর্ট জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত বৃহস্পতিবার মাগুরা জেলা জজ আদালতের মাধ্যমে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পরদিন শুক্রবার দুপুরে মুহিতকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।