অপহরণকাণ্ডে ছাত্রলীগের দুই কর্মী কারাগারে
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীকে অপহরণের দায়ে গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে।
গত মঙ্গলবার রাতে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল থেকে উদ্ধার হওয়া বিক্রয়কর্মী মো. সোহেল রাতে আটক ছাত্রলীগের দুই কর্মীসহ অজ্ঞাত দুই-তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। গতকাল বুধবার তাঁদের দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহানগর হাকিম আদালতে তোলা হয়৷ তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন দিনের রিমান্ড প্রার্থনা করে৷ মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূইয়া রিমান্ড আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেন বলেন, ছাত্রলীগের ওই দুই কর্মীর বিরুদ্ধে অপহরণ ছাড়াও চাঁদাবাজির বেশ কিছু অভিযোগ রয়েছে৷
জেলহাজতে পাঠানো ছাত্রলীগের দুই কর্মী হলেন বিশ্বধর্মতত্ত্ব ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করা আলমগীর হোসেন ও সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের নাজমুল করিম চৌধুরী। গত মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলে যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে যাওয়ায় এসএম হলের ফটকে আশ্রয় নেন সোহেল। সেখান থেকে তাঁকে আটক হওয়া দুজনসহ সাত-আটজন শিক্ষার্থী ৬৮ নম্বর কক্ষে আটকে রাখেন। সেখানে নির্যাতনের সময় পুলিশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সোহেলকে উদ্ধার ও দুজনকে আটক করে।
আলমগীর ও নাজমুল ছাত্রলীগের কর্মী হলেও পদধারী নন। আলমগীর ছাত্রত্ব শেষ হওয়ার পরও ছাত্রলীগের পরিচয় দিয়ে হলে থাকছিলেন। তবে হলের সাধারণ সম্পাদক দিদার মো. নিজামুল ইসলামের দাবি, ওঁরা কেউ ছাত্রলীগের সঙ্গে জড়িত নন।
বিক্রয়কর্মী মো. সোহেল রাজধানীর নাজিমউদ্দিন রোডের বাসিন্দা। একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, ‘দুজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে একজনের যদি স্নাতকোত্তর শেষ হয়ে থাকে, তবে তাঁর সনদ বাতিল করা হবে।’
এর আগে গত ৯ মে ছাত্রলীগের নেতা-কর্মীরা এক ক্ষুদ্র ব্যবসায়ীকে অপহরণ করে জগন্নাথ হলে আটকে রেখে মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী এখন কারাগারে৷