অপহরণকারী সন্দেহে দুপচাঁচিয়ায় এক ব্যক্তি আটক
বগুড়ার দুপচাঁচিয়ায় গত বৃহস্পতিবার রাতে অপহরণকারী সন্দেহে গ্রামবাসী একজনকে আটক করেছে। আটক ও অপহরণের শিকার হতে যাওয়া ব্যক্তি আহত হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার উত্তর সাজাপুর গ্রামের মাসুদ রানার (২৫) বাড়িতে কয়েকজন ঢুকে পরিবারের সব সদস্যের ঘরের দরজার শিকল আটকে দেয়। এরপর তারা মাসুদের ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে মুঠোফোন সেট, স্বর্ণালংকার নিয়ে বের হয়। পথে তারা মাসুদকে ধরে তাঁর মুখ বেঁধে ঘাড়ে করে নিয়ে যাচ্ছিল। এ সময় তাঁর ছোট ভাইয়ের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসে। অপহরণকারীরা ধারালো ছোরা দিয়ে মাসুদকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী জাহিদুল ইসলাম (৪২) নামের একজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। গ্রামবাসীর মারপিটে জাহিদুল মারাত্মকভাবে আহত হন। তিনি একই উপজেলার জোহালমাটাই গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে মামলা হয়েছে।দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম বলেন, ‘অপহরণের কোনো ঘটনা ঘটেনি। জাহিদুল একজন পেশাদার চোর। কয়েক দিন আগেও তাঁকে চুরির মামলায় জেলহাজতে পাঠানো হয়েছিল।’