অপহরণকারী সন্দেহে পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার অপহরণকারী সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড। নারী সদস্যকে কাজে লাগিয়ে তাঁরা অপহরণ করত বলে পুলিশ দাবি করেছে। গতকাল রোববার রাতে রাজধানী ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি হাতকড়া ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবদুস সামাদ (৪৯), আনোয়ার হোসেন (৪৫), মো. রেজাউল (৩৬), মর্তুজা (২৮) এবং এক কিশোরী (১৬)। ওই কিশোরী রেজাউলের স্ত্রী।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দাবি করেন, বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলার জন্য দলের নারী সদস্যকে কাজে লাগাতেন অপহরণকারীরা। অপহরণের পর এই চক্রটি অপহূত ব্যক্তিদের বিভিন্ন চরাঞ্চলে নিয়ে যেতেন। সেখানে আটকে রেখে তাঁরা টাকা দাবি করতেন।

অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেনের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, কয়েকটি অপহরণকারী চক্রের বিরুদ্ধে কাজ করছিলেন তাঁরা। ২ মে তুরাগ থানায় দায়ের হওয়া একটি মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজনকে সিরাজগঞ্জ এবং অপরজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।