অপহরণকারী সেই যুবলীগ নেতার সঙ্গেই স্কুলছাত্রীর বিয়ে
রাজশাহীর বাগমারায় গুলি ছুড়ে বাড়ি থেকে তুলে নেওয়া স্কুলছাত্রীর বিয়ে হয়েছে অপহরণকারী সেই যুবলীগ নেতা সোহেল রানার (২৬) সঙ্গেই।
ওই ছাত্রীর ভাই অভিযোগ করেছেন, তাঁদের পরিবারের অসম্মতিতেই তাঁর অপ্রাপ্তবয়স্ক বোনকে জোর করে বিয়ে করেন সোহেল। নিকাহ রেজিস্ট্রার ও পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের বাড়িতেই দশম শ্রেণির ওই ছাত্রীর বিয়ে হয়েছে।
তবে মেয়র এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, স্কুলছাত্রী নিজেই বিয়ের জন্য পীড়াপীড়ি শুরু করায় পৌরসভার প্যাডে মিথ্যা স্বাক্ষর নিয়ে তাকে শান্ত করা হয়েছে। এ বিষয়ে সোহেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, তাহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা ওই স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে তিনি স্কুলছাত্রীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেন। পরিবার তা প্রত্যাখ্যান করলে তিনি গত শুক্রবার রাতে আট-নয়জন সহযোগী নিয়ে মেয়েটির বাড়ি যান। সেখানে তাঁরা মেয়েটিকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিবারের সদস্যরা বাধা দেয়। সোহেলের সহযোগীরা মেয়ের স্বজনদের পিটিয়ে আহত করেন এবং দুই দফায় ফাঁকা গুলি ছুড়ে তারা মেয়েটিকে অপহরণ করেন। পরে বাগমারা থানার পুলিশ তাহেরপুর পৌরসভার মেয়রের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে।
স্থানীয়রা বলেন, অপহরণের রাতেই স্কুলছাত্রীর সঙ্গে যুবলীগ নেতার বিয়ে হয়। তাহেরপুর পৌরসভার মেয়রের বাড়িতে এ বিয়ে হয়। স্থানীয় নিকাহ রেজিস্ট্রার (কাজি) আবদুল মালেক বিয়ে রেজিস্ট্রি করেন। তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৩ লাখ ১ হাজার ৬৮০ টাকা দেনমোহরে বিয়ে রেজিস্ট্রি হয়েছে।
অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে কীভাবে রেজিস্ট্রি করলেন প্রশ্ন করা হলে তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।
তাহেরপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক শাহিনুর রহমান বলেন, পুলিশ মেয়রের বাড়িতে পৌঁছার আগেই বিয়ে হয়ে যায়। মেয়ের বাবার এ বিয়েতে কোনো আপত্তি ছিল না বলে জানা গেছে।