অপহরণকারীকে চিনে ফেলায় শিশুকে হত্যা
অপহরণকারীকে চিনে ফেলায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে অপহূত মুশফিক হোসেন (৯) নামের এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গ্রেপ্তার করা এক অপহরণকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার সকালে পুলিশ উপজেলার রতনপুর এলাকার একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
মুশফিক চাঁদপুরের ফরিদগঞ্জ থানার কেরুয়া গ্রামের মোবারক হোসেন পাটওয়ারীর ছেলে। সে মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ত। তার বাবা মোবারক হোসেন সপরিবারে গাজীপুরে থেকে ব্যবসা করতেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, মোবারক হোসেন পরিবার নিয়ে উপজেলার মৌচাক এলাকার আবদুর রাজ্জাকের বাড়িতে ভাড়া থাকতেন। মৌচাক বাজারে তাঁর স্টেশনারি পণ্যের একাধিক দোকান আছে। ২ নভেম্বর বিকেলে মুশফিক মৌচাক আমবাগান মাঠে ক্রিকেট খেলতে গিয়ে আর ফিরে আসেনি।
অনেক খোঁজ করেও ছেলের সন্ধান না পেয়ে রাতেই মোবারক কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন ৩ নভেম্বর সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মোবারকের মুঠোফোনে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি পুলিশকে জানালে শিশুটিকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়।
মুশফিকের বাবা ‘বিকাশ’ করে অপহরণকারীদের ১০ হাজার টাকা পাঠান। পরে পুলিশ ওই মুঠোফোনের সূত্র ধরে গত বৃহস্পতিবার সকালে মোবারক হোসেনের প্রতিবেশী ও মৌচাক বাজারের টেইলার্স ব্যবসায়ী আবদুল ওহাবকে (২৬) গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যানুযায়ী গতকাল রতনপুরের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
ওহাব জানান, তাঁর বেশ কিছু টাকার প্রয়োজন ছিল। তাই বন্ধুদের নিয়ে প্রথমে মোবারককে অপহরণের পরিকল্পনা করেন। কিন্তু মোবারককে লুকিয়ে রাখা সমস্যা হবে ভেবে পরে তাঁর শিশু ছেলেকে অপহরণ করেন। কিন্তু মুশফিক তাঁকে চিনে ফেলায় শিশুটিকে হত্যা করে অপহরণকারী চক্র।
মোবারক হোসেন জানান, ‘অপহরণকারী আমাদের প্রতিবেশী ছিল। অপহরণের পর আমার ছেলেকে হত্যা করে সে আবার আমাদের সঙ্গে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজিও করেছে।’