অপহরণকারীদের আস্তানা থেকে পালিয়ে রক্ষা পেলেন যুবক
অপহরণকারীদের আস্তানা থেকে পালিয়ে রক্ষা পেয়েছেন রাসেল মিয়া (২৪) নামে এক যুবক। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বয়রা গ্রামের বজলু মিয়ার ছেলে। গত রোববার সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি চর থেকে তিনি পালিয়ে রক্ষা পান।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও অপহৃত ওই যুবকের সঙ্গে কথা বলে জানা গেছে, বজলু মিয়া প্রায় এক বছর আগে একটি মামলায় ময়মনসিংহ কারাগারে বন্দী ছিলেন। ওই সময় কারাগারে তাঁর সঙ্গে আজিজুল হক নামে অপর এক বন্দীর সখ্য হয়। কয়েক মাস জেল খাটার পর দুজনই মুক্তি পান। কারাগারে থাকাকালে সখ্যর সূত্র ধরে আজিজুল হক গত বৃহস্পতিবার বয়রা গ্রামে বজলু মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে শনিবার দুপুরে আজিজুল হক তাড়াইলে এক আত্মীয়ের কাছে যাওয়ার কথা বলে বজলু মিয়ার ছেলে রাসেলকে সঙ্গে নিয়ে যান। রাত ১০টার দিকে তাড়াইলে গিয়ে আজিজুল হক তাঁর তিনজন সঙ্গীর সহায়তায় রাসেলকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে একটি মোটরসাইকেলে বসিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিয়ে যান। অপহরণকারীরা ঈশ্বরগঞ্জের রাজীবপুর ইউনিয়নের নতুন চর নামে ব্রহ্মপুত্রের একটি চরের কাশবনে নিয়ে তাঁর হাত-পা বেঁধে রেখে পরদিন রোববার সকালে বজলু মিয়ার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।
বিষয়টি খালিয়াজুরী থানার পুলিশকে জানানো হয়। এদিকে সন্ধ্যায় রাসেল প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বললে অপহরণকারীরা তাঁর বাঁধন খুলে দেন। এ সময় রাসেল দৌড়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন ও সাঁতরে নদী পার হয়ে পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার ইছামতী গ্রামের শহীদুল্লাহ মিয়ার বাড়িতে আশ্রয় নেন। পরে ওই বাড়ির লোকজনের সহায়তায় মুঠোফোনে তাঁর স্বজনদের খবর দেন। পরে ত্রিশাল থানা-পুলিশের সহায়তায় রোববার রাতেই স্বজনেরা গিয়ে তাঁকে বাড়িতে নিয়ে আসেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।