অপহরণকারীদের কবল থেকে কৌশলে ফিরল স্কুলছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী সদরের রাস্তা থেকে গতকাল রোববার সকালে অপহূত হয়েছিল স্কুলছাত্র মো. আরাফাত হোসেন (১২)। কিন্তু পার্শ্ববর্তী রাউজান উপজেলায় কৌশলে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে অবশেষে বাড়ি ফিরতে পেরেছে। হাটহাজারী পার্বতী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আরাফাত রাউজানের উত্তর গুজরা ঠাকুরবাড়ি এলাকার মৃত কবির আহামঞ্চদের ছেলে। বাবার মৃত্যুর পর সে হাটহাজারী সদরের কড়িয়াদীঘি এলাকায় মামার বাসায় থেকে পড়ালেখা করছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে বৃষ্টির মধ্যেই হাটহাজারী সদরের কড়িয়ারদীঘির পাড়ে সালাম মাস্টারের বাসা থেকে বের হয়ে রাঙামাটি সড়ক হয়ে স্কুলের দিকে যাচ্ছিল আরাফাত। এ সময় সামনের দিক থেকে লাল রঙের কালো কাচের একটি মাইক্রোবাস এসে তার পাশে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে দুই যুবক নেমে আরাফাতের মুখে রুমাল চেপে ধরে তাকে গাড়িতে তোলে। আরাফাত প্রথম আলোকে জানায়, ওই সময় গাড়িতে স্কুলের পোশাক পরা আরও ছয়-সাতজন ছেলে ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ সে অচেতন হয়ে পড়ে। তার চেতনা ফিরলে দেখতে পায়, দুজন যুবক চালকের সঙ্গে বসা। সামনে দিয়ে দেখা যায়, গাড়িটি রাউজান নোয়াপাড়া দিয়ে পাহাড়তলীর দিকে চলে যাচ্ছে।আরাফাতের বাড়ি ওই এলাকায় হওয়ায় সে তার বাড়ির রাস্তা চিনে ফেলে। কাদাযুক্ত রাস্তায় গাড়ি ধীরে চলার সময় আনুমানিক পৌনে ১০টার দিকে সে চলন্ত গাড়ির জানালা দিয়ে লাফ দিয়ে নামে। এতে সে হাঁটুতে আঘাত পায় এবং সারা শরীর কাদায় ভরে যায়। আরাফাত জানায়, পায়ে ব্যথা নিয়ে বৃষ্টির মধ্যে সে বাড়িতে পৌঁছে মা নাসমিন আক্তারকে বিষয়টি জানায়। তার মা জানান হাটহাজারীতে বড় ভাই আবুল হাশেমকে। হাশেম ঘটনাটি স্কুলের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান মিয়াকে জানান। তিনি খবর দেন পুলিশকে। হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বাবুল আক্তার ও হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ভূঁইয়াসহ পুলিশ সদস্যরা হাটহাজারী পার্বতী উচ্চবিদ্যালয়ে ছুটে যান এবং অপহরণের খোঁজখবর নেন। এদিকে আরাফাতের মামা আবুল হাশেম রাউজানের বাড়িতে গিয়ে বেলা সাড়ে ১২টার দিকে তাকে হাটহাজারী পার্বতী সু্কলে নিয়ে আসে। আরাফাত এ সময় জানায়, গাড়িতে তুলেই ওই দুই যুবক তাকে জিজ্ঞেস করেছিল, ‘তোমার বাবা কোথায়?’ সে বলেছিল বাবা নেই। মামলার ব্যাপারে জানতে চাইলে আরাফাতের মা নাসমিন আক্তার প্রথম আলোকে বলেন, ‘মামলা কার জন্য করব। আমার বুকের ধন ফিরে পেয়েছি এটাই আমার জন্য বড় পাওয়া।’ পুলিশ কর্মকর্তা বাবুল আকতার বলেন, অপহরণের ঘটনাটির সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।