অপহরণকারীদের গাড়ি ধাওয়া করে কিশোর উদ্ধার

কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামে অপহরণকারীদের গাড়ি ধাওয়া করে আবদুল মতিন (১৬) নামে এক কিশোরকে উদ্ধার করেছে স্থানীয় জনগণ। আজ মঙ্গলবার রাত আটটার দিকে মতিনকে উদ্ধার করা হয়। মতিন বড় আইলচারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় একটি চালকলে কাজ করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো গ-১৩-৩০৯৫) করে তিন অপহরণকারী আবদুল মতিনকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এ ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি নাজিরপুর পুলিশ ক্যাম্পে খবর দেয়। তাত্ক্ষণিকভাবে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক হাবিবুর রহমান ওয়ারলেসের মাধ্যমে পুরো জেলার পুলিশের কাছে অপহরণের খবর পৌঁছে দেন। এ সময় অপহরণকারীরা মাইক্রোবাসে করে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিল।
উপপরিদর্শক হাবিবুর ওই গাড়িটির পেছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে। গাড়িটি কবুরহাট এলাকায় পৌঁছালে গাড়ির গতিবিধি দেখে স্থানীয় লোকজন এটিকে আটক করে। এ সময় পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতা তিন অপহরণকারীকে ব্যাপক গণপিটুনি দেয়। এ সময় তারা আবদুল মতিনকে উদ্ধার করে। এ সময় ক্ষুব্ধ লোকজন মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়।
অপহরকারীরা হলেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার সাইফুল ইসলামের ছেলে দিনার হোসেন (২৫), আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের পারুক হোসেনের ছেলে সুজন আলী (২২) ও একই উপজেলার কুমারী গ্রামের জহিরুদ্দীনের ছেলে আব্দুর রহমান (২০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে জানান, গণপিটুনির শিকার তিন অপহরণকারীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিত্সা শেষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। অপহরণকারীদের আঘাতে আহত আবদুল মতিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় আঘাত লেগেছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত রবিউল ইসলাম বলেন, পোড়া গাড়িটি উদ্ধার করে রাতে থানায় নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে চলতি পথে অপহরকারীরা কিশোরকে পেয়ে কিছু টাকার জন্য অপহরন করেছিল।