রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আদিবাসী নেত্রী কল্পনা চাকমার অপহরণ মামলার সুষ্ঠু তদন্ত ও চিহ্নিত অপহরণকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে মিছিল ও সমাবেশ আয়োজন করে বলে জানা গেছে। বেলা দুইটার দিকে মিছিলটি উপজেলার চৌমুহনী এলাকা থেকে শুরু হয়ে উপজেলা প্রশাসনিক মাঠ, মসজিদ মার্কেটসহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী এসে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক অঙ্গদ চাকমা, যুব ফোরামের সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ সম্পাদক রিপন চাকমা, যুব ফোরামের বঙ্গলতলী ইউপির সাধারণ সম্পাদক তর্জন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি পি পি চাকমা প্রমুখ। বক্তারা বলেন, সুষ্ঠু তদন্ত করে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস, মো. সালেহ আহমঞ্চদ ও মো. নুরুল হককে গ্রেপ্তার করতে হবে। না হলে পার্বত্য চট্টগ্রামের মানুষ বৃহত্তর কর্মসূচি আহ্বান করতে বাধ্য হবে। হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদিক কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১২ জুন বাঘাইছড়ি থানাধীন নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহূত হন। পরবর্তীকালে তাঁর ভাই কালিন্দী কুমার চাকমা থানায় মামলা করেন। দীর্ঘ ১৬ বছর পর পুলিশ বলছে কল্পনা চাকমাকে উদ্ধার করা যায়নি।