অপহরণকারীদের চিনে ফেলায় খুন হয় স্কুলছাত্র ইমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের স্কুলছাত্র ইমন মিয়া (৬) অপহরণের ঘটনায় গ্রেপ্তার জামায়াত নেতা ও গ্রামের মসজিদের ইমাম শোয়াইবুর রহমান ওরফে সুজন গতকাল শুক্রবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
সুনামগঞ্জের বিচারিক হাকিম শ্যামকান্ত সিংহার আদালতে বিকেল পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত জবানবন্দি দেন তিনি। বাতিরকান্দি গ্রামের সৌদিপ্রবাসী জহুর আলী ছেলে ইমন মিয়া অপহরণের শিকার হয় গত ২৭ মার্চ।
পুলিশ সূত্রে জানা গেছে, জবানবন্দিতে শোয়াইবুর বলেছেন, তিনি টাকার লোভে ইমনকে রফিকুর রহমান ও মোহাম্মদ জাহেদের কাছে তুলে দিয়েছিলেন। পরে ওই দুজনকে ইমন চিনে ফেলায় তিনজন মিলে ইমনকে হত্যা করেন। রফিক ও জাহেদকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
আদালত প্রাঙ্গণে শোয়াইবুর রহমান সাংবাদিকদের জানান, ইমনকে অপহরণের তিন দিন পর রফিক ও জাহেদ তাঁকে ফোন করে বাতিরকান্দি আসতে বলেন। তিনি তখন সুনামগঞ্জের জগন্নাথপুরে ছিলেন। রাতে গ্রামে এসে দেখেন ইমনকে চোখ-মুখ বেঁধে রফিক ও জাহেদ মসজিদে এনে রেখেছেন। এ সময় তিনি ইমনকে ছেড়ে দিতে বললে ওই দুজন জানান, ইমন তাঁদের চিনে ফেলেছে। এখন তাকে ছেড়ে দিলে সবাই ধরা পড়ে যাবেন। তাই তাকে মেরে ফেলতে হবে। এরপর ইমন পানি খেতে চাইলে জাহেদ পানির সঙ্গে বিষ মিশিয়ে দেন। পানি খেয়ে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। এরপর জাহেদ ও শোয়াইবুর ইমনকে ধরে রাখেন আর রফিক তার গলায় ছুরি দিয়ে আঘাত করেন। পরে ইমন মারা যায়।
ইমন মিয়া অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা ও ছাতক থানার উপপরিদর্শক (এসআই) আহমদ সনজুর মুর্শেদ বলেন, ‘যেহেতু ইমনের লাশ উদ্ধার হয়নি, তাই শোয়াইবুরকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।’