ময়মনসিংহের নান্দাইল ও কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার ক্ষুব্ধ লোকজন গত শনিবার সকালে নান্দাইলের দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামের হবিকুল ইসলাম (৩০) নামের এক সন্দেহভাজন অপহরণকারীর বাড়িঘর ও পানের বরজ পুড়িয়ে দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নান্দাইল থানার উপপরিদর্শক ফারুক হোসেন ও স্থানীয় লোকজন জানায়, সকাল আটটার দিকে দুই থানার সীমান্ত এলাকার শতাধিক লোক দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামে গিয়ে হাবিকুলের বাড়িতে ভাঙচুর চালিয়ে ঘরগুলোতে আগুন ধরিয়ে দেয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বাবুল মিয়া বলেন, এলাকাটি হোসেনপুর ও নান্দাইল থানার সীমান্ত হওয়ায় অপরাধীরা অপহরণসহ নানা ধরনের অপরাধমূলক ঘটনা ঘটিয়ে চলছে। দেশের বিভিন্ন স্থান থেকে লোকজনকে অপহরণ করে এখানে লুকিয়ে রেখে মুক্তিপণ আদায় করা হয়। জাহিদ হাসান বাবু (১০) নামের এক অপহূত স্কুলছাত্রের অর্ধগলিত লাশ হবিকুলের বাড়ি থেকে গত শুক্রবার উদ্ধার করে টঙ্গী ও নান্দাইল মডেল থানার পুলিশ। মুক্তিপণের টাকা আদায় করতে না পেরে শিশুটিকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখে অপহরণকারীরা।টঙ্গী থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, শিশুটিকে গত ২ ফেব্রুয়ারি তার বাড়ি টঙ্গী শহরের পাগাড় সোসাইটি মাঠ এলাকা থেকে অপহরণ করা হয়। তার বাবার নাম নুরুল ইসলাম। সে পাগাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। অপহরণের পরে মুঠোফোনের মাধ্যমে জাহিদের পরিবারের কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পুলিশ নান্দাইলের দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রাম থেকে মর্তুজ আলীর ছেলে হবিকুলকে (৩০) গ্রেপ্তার করে টঙ্গী থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যমতে, তাদের বাড়ির জঙ্গলের মধ্যে মাটিচাপা দিয়ে রাখা জাহিদ হাসানের লাশ উদ্ধার করা হয়।