অপহরণকারীরা ছিল শিক্ষিত, পেশাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুজিবুর রহমান
মুজিবুর রহমান

যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমান দাবি করেছেন, তাঁকে রাজনৈতিক কারণে অপহরণ করা হয়েছিল। অপহরণকারীরা ছিল ‘ওয়েল এডুকেটেড’ (সুশিক্ষিত) ও ‘প্রফেশনাল’ (পেশাদার)।
যুক্তরাজ্যের নাগরিক মুজিবুর গত মঙ্গলবার রাতে প্রথম আলোকে এসব কথা বলেন। অপহরণকারীদের কবল থেকে তিন মাস পর মুক্তি পাওয়া মুজিবুর রহমান এখন সার্বক্ষণিক পুলিশি পাহারায় সুনামগঞ্জ শহরের হাজীপাড়ায় নিজ বাড়িতে আছেন। তাঁর চলাফেরাও নিয়ন্ত্রিত। নিকটাত্মীয় ছাড়া কাউকে তাঁর সঙ্গে দেখা কিংবা কথা বলতে দেওয়া হচ্ছে না। তাঁর সঙ্গে অপহৃত ও মুক্তি পাওয়া তাঁর গাড়িচালক রেজাউল আছেন পুলিশি হেফাজতে।
গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মুজিবুরকে সুনামগঞ্জ পৌর শহরের স্টেশন রোডে দেখা যায়। তিনি পুলিশি পাহারায় সবজি কিনছিলেন। তাঁকে দেখে লোকজন ভিড় করে। তিনি সহাস্যে সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
সবজি কেনার পর শহরের দোজা শপিং সেন্টারের সামনে থেকে দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডারে যেতে যেতে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তাঁর। এরপর দেশবন্ধু রেস্তোরাঁয় বসে আরও প্রায় ২০ মিনিট কথা বলেন তিনি।
মুজিবুর প্রথম আলোকে বলেন, মুক্ত হওয়ার পর তাঁর স্বজনদের বরাত দিয়ে গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে তিনি ও তাঁর গাড়িচালক রেজাউল একসঙ্গে ছাড়া পেয়েছেন। এটা ঠিক নয়। তাঁকে একা একটি গাড়িতে করে এনে ছেড়ে দেওয়া হয়। ওই গাড়িটি চলে যাওয়ার পর তিনি চোখের বাঁধন খুলে দেখেন, সামান্য দূরে রেজাউল দাঁড়িয়ে আছেন। রেজাউলকে কারা, কীভাবে, কোথা থেকে এনে সেখানে ছেড়ে দিয়েছে, তা তিনি জানেন না। তবে তিনি রেজাউলকে নিয়ে ৩০ টাকায় সিএনজিচালিত একটি অটোরিকশা ভাড়া করে টঙ্গী বাজারে যান। সেখান থেকে ৩০০ টাকায় ভাড়া দিয়ে ঢাকার গুলশানে এক আত্মীয়ের বাসায় পৌঁছান। গুলশান পৌঁছে রেজাউলকে সুনামগঞ্জে চলে যেতে বলেন এবং এক হাজার টাকা দেন। রেজাউল তখনই চলে যান। মুজিবুর জানান, ছেড়ে দেওয়ার সময় অপহরণকারীরা তাঁকে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা দিয়েছিলেন।
গত ৪ মে সুনামগঞ্জ থেকে সিলেটে যাওয়ার পথে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালক অপহৃত হন। অপহৃত হওয়ার সাড়ে তিন মাস পর ১৮ আগস্ট ভোরে গাজীপুরের টঙ্গী এলাকায় চোখ বেঁধে তাঁকে ছেড়ে দেওয়া হয়। একই স্থানে ছেড়ে দেওয়া হয় রেজাউলকেও। ২০ আগস্ট রাতে ঢাকা থেকে তাঁদের সুনামগঞ্জে নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় সুনামগঞ্জে দায়ের হওয়া মামলাটির তদন্তের দায়িত্ব গত মঙ্গলবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরিত হয়েছে।
অপহরণের বর্ণনা দিতে গিয়ে মুজিবুর প্রথম আলোকে বলেন, ওই দিন (৪ মে) তিনি ব্যক্তিগত গাড়িতে করে সিলেটে যাচ্ছিলেন। সুনামগঞ্জ-সিলেট সড়কের টুকের বাজার এলাকায় যাওয়ার পর পুলিশের পোশাক পরা কয়েকজন লোক তাঁর গাড়ি থামায়। তারা গাড়ির কাগজপত্র দেখতে চায়। চালকের কাগজপত্রে সমস্যা আছে জানিয়ে তাঁকে (রেজাউল) অন্য একটি গাড়িতে তোলে ওই ব্যক্তিরা। এরপর একজন তাঁর গাড়িটি থানায় নেওয়ার কথা বলে চালকের আসনে বসে। একজন পেছনে তাঁর পাশে এবং আরেকজন সামনের অপর আসনে বসে। গাড়ি চলতে শুরু করলে তাঁর পাশে বসা ব্যক্তিটি গাড়িতে দুর্গন্ধ আছে বলে কিছু একটা স্প্রে করে। এরপর মুজিবুর অচেতন হয়ে পড়েন।
‘যখন জ্ঞান ফিরে, তখন আমি হাতকড়া পরা এবং চোখ বাঁধা অবস্থায় ছিলাম। আমি চিৎকার করি। কেউ একজন তখন আমাকে বলে, বেশি বাড়াবাড়ি করলে মেরে ফেলবে। আমি পানি খেতে চাই। আমাকে কোল্ড ড্রিংকস-জাতীয় (কোমল পানীয়) কিছু দেওয়া হয়। সেটা পান করার পর আবার জ্ঞান হারাই। আবার যখন জ্ঞান ফিরে, তখন দেখি একটি ঘরের মেঝেতে শুয়ে আছি। পুরো শরীরে ব্যথা। আজানের শব্দ শুনতে পাচ্ছিলাম। মনে হয়েছে ফজরের আজান হচ্ছে।’ বলছিলেন মুজিবুর।
মুজিবুরের ভাষ্য অনুযায়ী, তাঁকে প্রথমে মাস খানেক এক জায়গায় রাখা হয়। তখন তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হতো। মারধর করা হতো। নিয়মিত খাবার দেওয়া হতো না। পরে তাঁকে আরেক গ্রুপের হেফাজতে দেওয়া হয়। সেখানে যে ঘরটিতে তিনি ছিলেন, তাতে বৈদ্যুতিক পাখা ছিল। তিন বেলা খাবার দেওয়া হতো। খাবারের তালিকায় মাছ, মাংস, ডাল, আলুর ভর্তা ছিল। তবে খেতে হতো চোখ বাঁধা অবস্থায়। একবার তিনি অসুস্থ হলে ওষুধ এনে খাওয়ানো হয়।
মুজিবুর জানান, তাঁকে পাহারা দিত চার-পাঁচজন। মাঝে মাঝে তারা একে-অন্যকে বলত ‘স্যারেরা’ আসছেন। ওই ‘স্যারেরা’ তাঁর কাছ থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে নানা তথ্য জানতে চান। লন্ডনে তারেককে কারা খরচ জোগায়, তাঁর দেশে ফেরার পরিকল্পনা আছে কি না—এসব জানতে চাইতেন। তিনি বলেন, যারা পাহারা দিত ও জিজ্ঞাসাবাদ করত, তারা সব সময় শুদ্ধ বাংলায় কথা বলত। কখনো কখনো ইংরেজিতে কথা বলত।
কীভাবে ছাড়া পেলেন—এই প্রশ্নের জবাবে মুজিবুর বলেন, ‘একসময় তারা আমার কাছে টাকা চায়। আমি বলি, আমার এত টাকা নেই। ছেড়ে দিলে কিছু টাকা দিতে পারব। তখন তারা হাসত। বলত, আমি নাকি চালাকি করছি। এরপর একদিন এসে বলা হয়, আমি ভাগ্যবান। আমাকে ছেড়ে দেওয়া হবে। তাদের এখান থেকে নাকি কেউ ফিরে যেতে পারে না।’ একদিন তাঁকে দোতলা একটি ঘর থেকে চোখ বাঁধা অবস্থায় নামিয়ে গাড়িতে তোলা হয়। ঘণ্টা খানেক গাড়িটি চলার পর এক স্থানে থামে। সেখানে তাঁকে নামিয়ে দিয়ে গাড়িটি চলে যায়।
মুজিবুর বলেন, ‘আমাকে মুক্ত করতে ব্রিটিশ সরকারসহ ইউরোপীয় ইউনিয়ন সক্রিয় ছিল। দেশের ভেতর থেকে আন্দোলন হয়েছে। সবার চেষ্টায় আমি সুস্থভাবে ফিরতে পেরেছি।’
পুলিশের দাবি, মুজিবুর আর গাড়িচালক রেজাউলের বক্তব্যে অমিল পাওয়া গেছে। রেজাউল মুক্ত হওয়ার স্থান শনাক্ত করতে পারেননি, তিনি মুক্ত হওয়ার এক দিন আগেই ঢাকার একটি হোটেলে ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে মুজিবুর বলেন, ‘রেজাউল কোথায়, কীভাবে ছিল, তা আমি জানি না। এখন পুলিশ যদি বলে, সে আগেই ঢাকায় ছিল, সেটাও হতে পারে। কারণ, অপহরণের পর থেকে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত তার সঙ্গে আমার আর দেখা হয়নি।’
মুজিবুর রেজাউলের ওপর খানিকটা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গরিবের ছেলে। আমি ঢাকায় তাকে কিছু টাকা দিয়ে সুনামগঞ্জে চলে যেতে বলেছিলাম। কিন্তু সে আসেনি। একটা মানুষ সাড়ে তিন মাস বাইরে ছিল। এরপর তো সে স্ত্রী-সন্তানদের কাছে ফেরার জন্য পাগল হয়ে যাওয়ার কথা। কিন্তু পরে জানলাম, সে সুনামগঞ্জ আসেনি। বিষয়টি আমার কাছে রহস্যজনক মনে হয়েছে।’
অবশ্য পুলিশ বলছে, রেজাউল এখন পুলিশি হেফাজতে আছে। পুলিশ গত রোববার মুজিবুরকেও মুক্ত হওয়ার স্থান শনাক্ত করতে টঙ্গী নিয়ে যেতে চায়। কিন্তু তিনি যেতে রাজি হননি।
পুলিশের এই দাবি প্রসঙ্গে মুজিবুরের বক্তব্য হলো, ‘আমি কেন যাব? আমি এখন ওই জায়গা আর চিনতে পারব না। আমাকে তো ঢাকা থেকে আগেই সব কাজ সেরে পুলিশ নিয়ে আসতে পারত।’
কারা এবং কেন আপনাকে অপহরণ করেছিল—এই প্রশ্নের জবাবে মুজিবুর বলেন, ‘রাজনৈতিক কারণেই আমাকে অপহরণ করা হয়েছিল। এ দেশে এভাবে অনেককেই অপহরণ করা হচ্ছে। বিএনপির নেতা ইলিয়াস আলী হয়েছেন।’
অপহরণকারীরা পুলিশের পোশাক পরা ছিল বলে মুজিবুর যে দাবি করেছেন, সে সম্পর্কে জানতে চাইলে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুণ অর রশিদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, পুলিশের কাছেও মুজিবুর একই কথা বলেছেন। তিনি বলেন, ‘আমার ধারণা, মুজিবুর কোনো কিছু লুকানোর চেষ্টা করছেন। এ কারণে তিনি এর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়াতে চাইছেন।’
গতকাল সন্ধ্যা পৌনে ছয়টায় আবার এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় মুজিবুরের। তিনি এ সময় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁয় ছিলেন। মুজিবুর জানান, তাঁকে আজ বৃহস্পতিবার আদালতে নেওয়া হবে বলে জানানো হয়েছে। কিন্তু তিনি সন্দিহান, আদৌ নেওয়া হবে কি না। কারণ, গত বৃহস্পতিবার থেকেই বলা হচ্ছে আদালতে নেওয়া হবে। কিন্তু নেওয়া হয়নি।
মুজিবুরের গাড়িটিও এখন পর্যন্ত উদ্ধার হয়নি। পুলিশ সুপার জানান, তাঁদের ধারণা, গাড়িটি অপহরণকারীদের কাছে আছে। এ-সংক্রান্ত মামলাটি এখন সিআইডিতে গেছে। তিনি আশা করছেন, সিআইডির তদন্তে রহস্য উন্মোচিত হবে।