অপহরণকারীরা ফেরত দিল তিন ভাইকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভায়াবহ গ্রাম থেকে অপহূত তিন সহোদরকে গতকাল রোববার ভোররাতে ফেরত দিয়েছে অপহরণকারীরা। চোখ বাঁধা অবস্থায় বাড়ি থেকে আট কিলোমিটার দূরে তাঁদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। পরে নির্বিঘ্নে তিন ভাই বাড়িতে ফিরে আসেন।
ওই তিন ভাইয়ের নাম যথাক্রমে আবু হানিফ (২৩), নাজমুল হক (১৮) ও ছানোয়ার হোসেন (১৪)। গত বুধবার গভীর রাতে র‌্যাব পরিচয়ের একটি দল তাঁদের বাড়ি থেকে একটি গাড়িতে করে তুলে নিয়ে যায়।
গতকাল দুপুরে ভায়াবহ গ্রামে গিয়ে তিন ভাইয়ের সঙ্গে কথা বলে জানা যায়, আটক অবস্থায় তাঁদের কেউ কিছু জিজ্ঞাসা করেনি। এমনকি শারীরিক নির্যাতন বা খারাপ আচরণও করা হয়নি। কিন্তু তাঁরা জানেন না, কেন তাঁদের তুলে নিয়ে আটকে রাখা হয়েছিল।
তিন ভাই জানান, গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে কালো কাপড়ে চোখ বেঁধে তাঁদের একটি গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তিনজনকে তিনটি পৃথক কক্ষে নিয়ে চোখের বাঁধন খুলে দেওয়া হয়। নির্দিষ্ট সময় পরপর কক্ষের দরজার নিচ দিয়ে খাবার ও পানি দেওয়া হয়। গোসল ও প্রাকৃতিক প্রয়োজনে পাহারারত পুরুষ লোকেরা এসে তাঁদের কালো কাপড়ে চোখ বেঁধে নিয়ে যেতেন। আবার একই কায়দায় কক্ষে পৌঁছে দিতেন।
তিন ভাইয়ের মধ্যে সবার ছোট দশম শ্রেণীর ছাত্র ছানোয়ার হোসেন জানায়, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার আনুমানিক দুই থেকে তিন ঘণ্টা পর তাদের নামানো হয়। এরপর এমন একটি কক্ষে নিয়ে তাকে রাখা হয়, যেখানে দিন-রাতের পার্থক্য বোঝা যায়নি। বড় ভাই আবু হানিফ বলেন, আটক অবস্থায় সময়টা খুব আতঙ্কের মধ্যে কেটেছে। অনেকবার ভেবেছেন, হয়তো মেরে ফেলা হবে।
তিন ভাইয়ের বর্ণনা অনুযায়ী, গতকাল ভোর রাত তিনটার দিকে কালো কাপড়ে চোখ-মুখ বেঁধে বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঁঠালী এলাকায় তাঁদের একটি গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। গাড়ি থেকে নামানোর সময় তাঁদের চোখের বাঁধন খুলে বলা হয়, শুধু সামনের দিকে হাঁটতে, ১০ মিনিটের মধ্যে যেন পেছনের দিকে না তাকান। এরপর তাঁরা তিনজন প্রায় ২০ মিনিট পেছনের দিকে তাকাননি। কাঁঠালী এলাকায় নামিয়ে দেওয়ার সময় আবু হানিফের ব্যবহূত মুঠোফোনটিও ফেরত দেওয়া হয়।
তিন সহোদরকে ফেরত দেওয়ার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে তাঁদের বাড়িতে মানুষের ঢল নামে। সবারই প্রশ্ন, কেন তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল?
তিন ভাইয়ের সঙ্গে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জিডির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম কথা বলেছেন। ওসি জানান, অপহূতদের সঙ্গে কথা বলে রহস্যের জট খোলেনি। তবে তাঁদের বর্ণনা সত্যি হলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা ব্যক্তিগত বা পারিবারিক কারণে ঘটেনি।
যোগাযোগ করা হলে র‌্যাব-১৪-এর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় র‌্যাব-১৪-এর কোনো সম্পৃক্ততা নেই।
ওসি বলেন, যেহেতু র‌্যাব বিষয়টির সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা বলেনি, তাই এ বিষয়ে তদন্ত অব্যাহত থাকবে।