অপহরণকারীরা শনাক্ত হয়নি, তদন্ত চলছে

পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকের অপহরণকারীরা এখনো শনাক্ত হয়নি। এমনকি অপহরণে ব্যবহার করা নীল রঙের সেই গাড়িটিরও কোনো হদিস মেলেনি।
হাফিজুল রহমান নামের যে অটোরিকশার চালক আবু বকরকে কলাবাগান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, গতকাল শনিবার তিনি নারায়ণগঞ্জ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
ঢাকা মহানগর যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেন, আবু বকরের অপহরণ খুব সুপরিকল্পিত ও নিপুণতার সঙ্গে ঘটানো হয়েছে। তার পরও অপহরণের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের তালিকা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। অপহরণের সময় যেসব জিনিস ব্যবহার করা হয়েছে, সেগুলোরও অনুসন্ধানে কাজ চলছে। তিনি বলেন, ‘এ ঘটনা সম্পর্কে যত তথ্য পাওয়া যাবে, তা তদন্ত করে দেখা হবে। কারা এই অপহরণ করেছে, কী কারণে করেছে, সেসব খুঁজে বের করাই উদ্দেশ্য।’
এদিকে অপহরণের ঘটনা তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটি গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড়ের ঘটনাস্থল (অপহরণের স্থান) এবং আবু বকর সিদ্দিকের কারখানা হামিদ ফ্যাশনস পরিদর্শন করে। গতকাল থেকে কারখানায় স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে।
গত বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগড় এলাকার ভুঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে অপহূত হন আবু বকর সিদ্দিক। এ ঘটনায় আবু বকর সিদ্দিকের স্ত্রী সৈয়দা রিজওয়ানা হাসান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। অপহরণের ৩৫ ঘণ্টা পর আবু বকর সিদ্দিককে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনা তদন্তে পুলিশ সদর দপ্তর ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে।
পুলিশ সদর দপ্তরের গঠন করা কমিটির প্রধান হলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান। গতকাল মারুফ হাসানের কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মামলার তদন্তকারী কর্মকর্তাকে তদন্তের ব্যাপারে দিকনির্দেশনা দেন। নারায়ণগঞ্জ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটি প্রাথমিক কাজ করছে। এ অপহরণের ঘটনাটি পুলিশ সর্বোচ্চ সক্ষমতা দিয়ে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। আবু বকর সিদ্দিক উদ্ধারের পর যেসব আইনগত প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পন্ন করা হয়েছে। তিনি উদ্ধার হলেও মামলা থেমে থাকবে না। মামলার তদন্ত কাজ চলবে। আদালতে দেওয়া তাঁর জবানবন্দি আমলে নিয়ে পুলিশ গুরুত্বসহকারে মামলাটি তদন্ত করছে।
এ ঘটনায় জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমানকে প্রধান করে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল থেকে এ কমিটিও কাজ শুরু করেছে।
আবু বকর সিদ্দিকের প্রতিষ্ঠান হামিদ ফ্যাশনের ব্যবস্থাপক মনিরুজ্জামান জানান, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক মুক্তি পাওয়ায় কারখানার শ্রমিকেরা উৎফুল্ল। শনিবার কারখানায় কাজ হয়েছে। তবে তিনি কারখানায় আসেননি।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, গতকাল বিকেলে নারায়ণগঞ্জ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে আবু বকর সিদ্দিককে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক হাফিজুল রহমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে হাফিজুল বলেন, বৃহস্পতিবার রাতে মিরপুর কাজীপাড়া এলাকায় রিকশার যাত্রী (আবু বকর সিদ্দিক) তাঁকে সিগন্যাল দিয়ে থামান এবং ধানমন্ডি সেন্ট্রাল রোড যাওয়ার জন্য ভাড়া করেন। তিনি ওই রিকশার যাত্রীকে নিয়ে সেন্ট্রাল রোডের উদ্দেশে রওনা হলে পথে ধানমন্ডি কলাবাগান এলাকায় চেকপোস্টে পুলিশ অটোরিকশাটি থামায়। তখন অটোরিকশায় থাকা যাত্রী নিজেকে অপহূত আবু বকর সিদ্দিক বলে পরিচয় দেন। পরে পুলিশ তাঁদের ধানমন্ডি থানায় নিয়ে যায়।