অপহরণচেষ্টার অভিযোগে অস্ত্রসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগ এলাকার মনেশ্বর রোডে গতকাল বুধবার রাতে এক নারীকে অপহরণ করার চেষ্টার অভিযোগে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক হওয়া ব্যক্তিরা হলেন রায়হান উদ্দিন (৩৫) ও তাঁর সহযোগী লিটন (২৫)।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি পিস্তল ও ১৩টি গুলি উদ্ধার করা হয়েছে।

হাজারীবাগ থানা সূত্রের ভাষ্য, চলতি বছরের জানুয়ারিতে রায়হান উদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে গেছে। তাঁদের একটি কন্যাসন্তান আছে। রায়হানের সাবেক স্ত্রী তাঁর মেয়েকে নিয়ে হাজারীবাগের ১১০ মনেশ্বর রোডের বাড়িতে থাকেন। গতকাল রাত ১১টার দিকে এক সহযোগীকে নিয়ে ওই বাড়িতে যান রায়হান। অস্ত্রের মুখে সাবেক স্ত্রীকে অপহরণ করার চেষ্টা করেন তিনি। এ সময় ধস্তাধস্তি ও মারপিটের ঘটনা ঘটে। একপর্যায়ে নিজের পিস্তলে রায়হান উদ্দিন গুলিবিদ্ধ হন। এলাকাবাসী ও পুলিশ গিয়ে তাঁদের আটক করে। এ ঘটনায় ওই নারীর মা হাজারীবাগ থানায় দুটি মামলা করেছেন।