অপহরণস্থলে থাকা পুলিশের গাড়িটি শনাক্তের চেষ্টা নেই
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে অপহৃত চিকিৎসক মুহাম্মদ ইকবাল মাহমুদকে খোঁজার কোনো চেষ্টা নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সিসিটিভির ফুটেজে অপহরণস্থলে পুলিশের যে গাড়িটি দেখা গেছে, সে সম্পর্কে কিছু বলছে না কর্তৃপক্ষ।
পরিবার বলছে, ৩৫ দিন পার হলেও অপহৃত চিকিৎসকের কোনো খোঁজ তারা পায়নি। তাঁকে উদ্ধার বা খুঁজে বের করার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কার্যকর কোনো চেষ্টা নেই।
চিকিৎসক ইকবাল মাহমুদের বাবা এ কে এম নুরুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, অপহরণের এক দিন পর অপরিচিত একটি নম্বর থেকে এক ব্যক্তি তাঁকে ফোন করেন। ওই ব্যক্তি ইকবালকে ফিরে পেতে চাইলে পরের ফোনটি ধরতে বলেন। কিছুক্ষণ পরই ইকবালের ফোন থেকে কল আসে। নুরুল আলম ফোনটি ধরলেও অপর প্রান্ত থেকে পরিষ্কার কিছু শোনা যাচ্ছিল না। কয়েক সেকেন্ড পর লাইন কেটে যায়। তারপর প্রথম যে নম্বরটি থেকে ফোন এসেছিল, সেটি থেকে আবার কল আসে এবং বিকাশের চারটি নম্বর দিয়ে তাতে এক লাখ টাকা মুক্তিপণ পাঠাতে বলেন।
নুরুল আলম বলেন, তিনি বিকাশে টাকা পাঠিয়েছেন, কিন্তু ছেলেকে ফিরে পাননি। এরপর তিনি বিষয়টি ধানমন্ডি থানার পুলিশকে জানান। পুলিশ বিকাশের চারটি নম্বরের অবস্থান দ্রুত খুঁজে বের করে দেখায়। ওই নম্বরগুলোর শেষ অবস্থান ছিল চট্টগ্রামে। কিন্তু তাঁর ছেলের ফোনের অবস্থান কোথায় ছিল, সে সম্পর্কে বারবার অনুরোধ করার পরও তাঁকে পুলিশ কিছু জানায়নি। তবে ১৩ অক্টোবর থেকে ইকবাল কার কার সঙ্গে কথা বলেছেন, সেই কল রেকর্ড পুলিশ সংগ্রহ করেছে।
মুক্তিযোদ্ধা নুরুল আলম দাবি করেন, ইকবালের কললিস্টে থাকা নম্বরগুলো তাঁর চেনা। তিনি পুলিশকে এ-সম্পর্কিত সব তথ্য দিয়েছেন। কিন্তু ছেলেকে খোঁজার ব্যাপারে পুলিশের কোনো উৎসাহ দেখেননি তিনি। অপহরণের সময় ঘটনাস্থলে থাকা পুলিশের গাড়ি ও মোটরসাইকেলের নম্বর মেলানোর কোনো চেষ্টাও তারা করেনি।
এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘গাড়িটা কার সেটা এখনো জানতে পারিনি। তবে বিকাশ নম্বরগুলো খোঁজার চেষ্টা করছি। ইকবাল মাহমুদের মুঠোফোন থেকে ফোন এসেছিল সে খবর আমাদের জানা ছিল না। তাঁর লোকেশন জানার চেষ্টা করছি। এখনো পাওয়া যায়নি।’
অপহৃত ইকবালের স্বজনেরা স্বাস্থ্য অধিদপ্তরের ভূমিকায় মর্মাহত। তাঁর একজন স্বজন প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য ক্যাডারের
একজন কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত ছিলেন না, নিখোঁজ ছিলেন না। হঠাৎ তাঁকে অপহরণ করা হলো। সেটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। কিন্তু তাঁরাও ইকবালকে উদ্ধারের বিষয়ে কোনো উদ্যোগ নেননি।
ইকবাল কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক। তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবেদনবিদ্যায় (অ্যানেসথেশিয়া) দুই মাসের প্রশিক্ষণ নিতে ঢাকায় এসেছিলেন গত ১০ অক্টোবর। এরপর লক্ষ্মীপুরে যান। সেখানে ছুটি কাটিয়ে গত ১৫ অক্টোবর রাতে ঢাকায় ফিরেই অপহৃত হন। পরে ওই এলাকা থেকে পরিবার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে দেখা যায়, ভোররাত ৩টা ১০ মিনিটে রয়েল কোচ নামে একটি বাস সায়েন্স ল্যাবরেটরির মোড়ে ধানমন্ডি ১ নম্বর রোডের কাছে এসে থামে।
স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা কর্মকর্তা মুহাম্মদ ইকবাল মাহমুদ ওই বাস থেকে নেমে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে সাত-আটজন তাঁকে ঘিরে ধরেন এবং খুব দ্রুত মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যান। মাইক্রোবাসের পেছনে পুলিশের একটি পিকআপ ভ্যানও ছিল। তার পেছনে একটি মোটরসাইকেলে ছিলেন আরও দুজন।
অপহরণের সময় পুলিশের গাড়ির উপস্থিতির কথা গত তিন দিন গণমাধ্যমে আলোচনা হলেও এ বিষয়ে মহানগর পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।