হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যা মামলায় আরজু মিয়া (৩৮) নামের আরও এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে এ মামলায় তিন আসামি জবানবন্দি দিলেন।
আদালত সূত্রে জানা গেছে, বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু হত্যার অন্যতম আসামি আরজু মিয়াকে গতকাল বুধবার বেলা তিনটায় হবিগঞ্জ বিচারিক হাকিম মো. কাউছার আলমের আদালতে হাজির করা হয়। পরে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁর জবানবন্দি চলে। জবানবন্দিতে আরজু মিয়া বলেন, তাঁরা হত্যার আগে শিশুদের অপহরণে দুটি অটোরিকশা ব্যবহার করেছিলেন। শিশুদের ভাদেশ্বর ও সুন্দ্রাটিকি গ্রামের মাঝামাঝি একটি স্থান থেকে বাচ্চুর অটোরিকশায় প্রথম ওঠানো হয়। শিশুরা অটোরিকশায় চড়া বেশ পছন্দ করত এবং পরিচিত চালক বাচ্চুকে দেখলেই তাঁর গাড়িতে উঠতে চাইত। যে কারণে তাঁরা বাচ্চুকে আগে পাঠান শিশুদের অটোরিকশায় ওঠানোর জন্য। বাচ্চুর অটোরিকশার পেছনে আরেকটি অটোরিকশায় ছিলেন তাঁরা আরও চার-পাঁচজন। পরে এই শিশুদের নিয়ে যাওয়া হয় গ্রাম্য পঞ্চায়েতের এক পক্ষের প্রধান আবদুল আলীর লেবুবাগানে। সেখানে অপহরণের দুদিন পর ১৪ ফেব্রুয়ারি হত্যা করা হয় শিশুদের। পরে লাশগুলো গ্রামের পাশে বালুছড়ায় চাপা দিয়ে রাখা হয়।
জবানবন্দিতে আরজু মিয়া দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন আবদুল আলী, বিল্লাল, রুবেল, জুয়েল, ফেরদৌস, সায়েদ আলী, উস্তার, বাবুলসহ নয়জন। আরও কয়েকজন তাঁদের সহযোগিতা করেন।
আদালত সূত্রে জানা যায়, ইতিপূর্বে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া দুই আসামির সঙ্গে আরজুর জবানবন্দির অনেকটা মিল রয়েছে। আরজুর জবানবন্দিতে শিশুগুলোকে লেবুবাগানে হত্যার তথ্য উল্লেখ করা হলেও পুলিশ প্রথম দিকে বলেছিল, তাদের হত্যা করা হয় বাচ্চুর অটোরিকশার গ্যারেজে।
এদিকে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আরজু মিয়া হত্যার সন্দেহভাজন প্রধান অভিযুক্ত ব্যক্তি আবদুল আলীর ঘনিষ্ঠ। তিনি আবদুল আলীকে সব ধরনের সহযোগিতা করেন হত্যাকাণ্ডের বিষয়ে।
হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় পুলিশ এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে আবদুল আলীর দুই ছেলে জুয়েল ও রুবেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এবার দিলেন আরজু মিয়া। বাকি তিনজন আবদুল আলী, বশির মিয়া ও সালেহ আহমেদ পুলিশি রিমান্ডে আছেন।
সুন্দ্রাটিকি গ্রামের পাশে একটি বালুছড়া থেকে ১৭ ফেব্রুয়ারি সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৯), তাজেল মিয়া (১০), মনির (৭) ও ইসমাইল হোসেনের (৮) লাশ উদ্ধার করা হয়। শুভ, তাজেল ও মনির সম্পর্কে আপন চাচাতো ভাই। তারা সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ইসমাইল ছিল গ্রামের ইসলামিয়া কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।