অপহরণে ব্যর্থ হয়ে কলেজছাত্রীকে কুপিয়ে জখম
গাজীপুরের শ্রীপুরে গতকাল রোববার এক কলেজছাত্রীকে (১৬) কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। অপহরণে ব্যর্থ হয়ে স্থানীয় এক তরুণ সন্ত্রাসীদের নিয়ে নিজ বাড়িতে মেয়েটিকে এলোপাতাড়ি কোপান বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের ওই ছাত্রীকে একই গ্রামের হাফিজুল ইসলাম মুন্সির ছেলে ওমর ফারুক (২০) দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রেমে সাড়া না দেওয়ায় ফারুক প্রায়ই মেয়েটিকে উত্ত্যক্ত করতেন। গতকাল সকালে সাইফুল (১৯), কায়েসসহ (২১) কয়েকজন তরুণকে নিয়ে ফারুক মেয়েটির বাড়িতে গিয়ে তাকে অপহরণের চেষ্টা চালান। অপহরণে ব্যর্থ হয়ে ফারুক ধারালো অস্ত্র দিয়ে ছাত্রীটির দুই পায়ে এলোপাতাড়ি কোপান। এতে ছাত্রীটির বাঁ পায়ের রগ ও ডান পায়ের হাড় কেটে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তরুণেরা পালিয়ে যান। স্থানীয় জনতা গুরুতর অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। আহত ছাত্রীর এক মামা অভিযোগ করে বলেন, ফারুক এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। উত্ত্যক্ত করার বিষয়টি ভাগনি বাড়িতে জানিয়েছিল। এ ব্যাপারে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত ফারুক বা তাঁর সহযোগীদের পাওয়া যায়নি। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, অভিযুক্ত ফারুককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। রাত আটটা পর্যন্ত ওই ঘটনায় কোনো মামলা হয়নি।