অপহরণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের চিতলমারীতে বেসরকারি সংস্থার এক কর্মকর্তাসহ দুই ব্যক্তিকে অপহরণ করার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার উপজেলার একটি বিদ্যালয়ের মাঠ থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার, অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার এবং এ কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করে৷
গ্রেপ্তার হওয়া তরুণের নাম স্বাধীন মোল্লা (২২)৷ তিনি চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের কামরুল মোল্লার ছেলে। অপহৃত দুই ব্যক্তি হলেন এনজিও ব্র্যাকের চিতলমারী উপজেলার কর্মসূচি সংগঠক ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতোইল গ্রামের সেলিম মোল্লা (৪৩) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা গ্রামের জামাল হায়দার খান (৫৫)। এ ঘটনায় জামাল হায়দার বাদী হয়ে স্বাধীনসহ দশজনের নাম উল্লেখ করে চিতলমারী থানায় মামলা করেছেন।
পুলিশের কাছে এবং মামলা থেকে জানা গেছে, গত বুধবার রাতে পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে চিতলমারী উপজেলা সদর থেকে ওই দুই ব্যক্তিকে অপহরণ করে সন্ত্রাসীরা। রাত একটার দিকে পুলিশ অভিযান চালিয়ে চিতলমারী উপজেলার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশের ফাঁকা মাঠ থেকে তাঁদের উদ্ধার করে।