অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৪
চট্টগ্রামের ইপিজেড থানার নিউমুরিং এলাকা থেকে অপহরণের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, এ সময় অপহৃত গাড়িচালক মো. ফারুককে (২৬) উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে এই গ্রেপ্তার ও উদ্ধারের ঘটনা ঘটে। ফারুক নগরে লেগুনা চালান। তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়ার শিকলবাহা গ্রামে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো মো. ইমরান (২৪), মিজানুর রহমান (২৭), মো. মহিউদ্দিন (২৩) ও মো. বাবুল (৪০)।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বলেন, গত শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের বন্দরটিলা এলাকা থেকে ফারুককে তুলে নিয়ে যায় আসামিরা। পাওনা সাত লাখ টাকা আদায়ের জন্য তারা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের কাছে দাবি করেছে। ইপিজেড থানার পুলিশ জানায়, ফারুককে ধরে নিয়ে নিউমুরিং এলাকার চৌধুরী মার্কেটের পেছনে একটি বাসায় আটকে রাখে আসামিরা। এরপর ফারুকের মুঠোফোন থেকে পরিবারের কাছে সাত লাখ টাকা দাবি করা হয়। অপহরণের অভিযোগে ফারুকের চাচা মো. জামিল থানায় মামলা করেন।