অপহরণের অভিযোগে চার তরুণ গ্রেপ্তার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দেলোয়ার হোসেন (১৫) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া তরুণেরা হলেন বুড়িচং উপজেলার জগৎপুর গ্রামের মো. পবন, নিজাম মিয়া, আনোয়ার হোসেন (২০) ও মো. মিঠু (২০)। দেলোয়ার উপজেলার অলুয়া গ্রামের জয়দল হোসেনের ছেলে। সে চণ্ডীপুর রেজাউল হক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় জয়দল হোসেন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় ছয়জনকে আসামি করে মামলা করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, গত শনিবার বিকেলে উপজেলার অলুয়া গ্রাম থেকে দেলোয়ারকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে ছয় তরুণ। সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে তার চিৎকারে আসাদনগর গ্রামের লোকজন অটোরিকশাটি আটক করেন। তাঁরা দেলোয়ারকে উদ্ধার ও চার তরুণকে আটক করেন। অপর দুজন স্বপন মিয়া (১৯) ও সুমন মিয়া (১৯) পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে যায়। ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।