অপহরণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা, ছাত্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে মেয়েটিকে গতকাল বুধবার সিলেট থেকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
পুলিশ জানায়, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কারিগরি (ভকেশনাল) শাখার ইংরেজি বিভাগের ওই শিক্ষকের কাছে (৩৪) প্রাইভেট পড়ত ওই ছাত্রী। গত সোমবার ভোরে অপর এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার সময় নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের নারায়ণপুর মাদ্রাসার সামনে থেকে ওই শিক্ষক কয়েকজন সঙ্গী নিয়ে মেয়েটিকে অপহরণ করেন।
এ ঘটনায় মঙ্গলবার মেয়ের বাবা শিক্ষককে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অপহরণ মামলা করেন। পুলিশ সিলেটের লামাবাজারে শিক্ষকের এক আত্মীয়ের বাড়ি থেকে গতকাল মেয়েটিকে উদ্ধার করে। থানার ওসি আবু জাফর জানান, উদ্ধারের পর মেয়েটিকে দুপুরে আদালতে পাঠানো হয়। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত শিক্ষক ও তাঁর পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। গতকাল সন্ধ্যায় মেয়ের বাবা জানান, আদালত মেয়েটিকে তাঁর জিম্মায় দিয়েছেন।