অপহরণের আট ঘণ্টা পর ছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক কলেজছাত্রীকে অপহরণের আট ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার উপজেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় সোহেল মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।ওই ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাতটার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ওই ছাত্রী তার মায়ের সঙ্গে রিকশায় করে চন্দ্রা বাসস্ট্যান্ডে যাচ্ছিল। এ সময় ওত পেতে থাকা একই এলাকার বখাটে জাহাঙ্গীর আলম ও তার আট-নয়জন সহযোগী ওই ছাত্রীর মাকে রিকশা থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মাইক্রোবাসে তাকে উঠিয়ে নিয়ে যায়।পরে অপহরণকারী জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে ওই ছাত্রীর বাবা যোগাযোগ করেন। তারা জাহাঙ্গীরের সঙ্গে ওই ছাত্রীকে বিয়ে দেওয়ার শর্ত দেয়। ছাত্রীর বাবা শর্ত মেনে নেওয়ার আশ্বাস দেন। পুলিশের সহায়তায় প্রায় আট ঘণ্টা পর বেলা তিনটার দিকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। পরে গ্রাম্য সালিসে বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হলে গতকাল সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় জাহাঙ্গীর ও তার দুই বন্ধুকে আসামি করে মামলা করেন। পুলিশ জাহাঙ্গীরের বন্ধু সুমন মিয়াকে গ্রেপ্তার করে।ছাত্রীর বাবা বলেন, দীর্ঘদিন থেকে জাহাঙ্গীর তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।