অপহরণের আট দিন পর ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব
অপহরণের আট দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট স্কুল এলাকা থেকে এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। আদমজী র্যাব-১১-এর কার্যালয়ের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি দল গত সোমবার রাত সোয়া দুইটার দিকে তাকে উদ্ধার করে।
অভিযানকালে র্যাবের সদস্যরা জয় বাধন ফলিয়া (২৩) ও জেভিয়ার অভিজিৎ বিশ্বাস (২২) নামের দুজনকে গ্রেপ্তার করেছে।
র্যাব জানায়, গত রোববার সকাল নয়টার দিকে ওই ছাত্রী ঢাকার মিরপুরের বাসা থেকে তার নানাবাড়ি ফতুল্লার থানার দাপা ইদ্রাকপুর যাওয়ার পথে অপহৃত হয়। অপহরণকারীরা ওই ছাত্রীর মায়ের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কুষ্টিয়া, সিলেট, হবিগঞ্জ ও নারায়ণগঞ্জের ফতুল্লাসহ বিভিন্ন এলাকায় আটকে রেখে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণকারীরা তার পরিবারকে চাপ দিতে থাকে। এ ঘটনায় অপহৃত ব্যক্তির খালা মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত রোববার ওই ছাত্রীর স্বজনেরা র্যাব-১১-এর আদমজী ক্যাম্পে এসে অপহরণের বিষয়ে লিখিত অভিযোগ করেন। র্যাবের একটি গোয়েন্দা দল অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়। তাঁরা সোমবার রাতে ফতুল্লায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার করেন। উদ্ধারের পর তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।