অপহরণের আট মাস পর স্কুলছাত্রের কঙ্কাল উদ্ধার
নরসিংদীর মনোহরদীতে অপহরণের আট মাস পর সোহাগ মিয়া (১৩) নামের এক ছাত্রের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়চাপা বাজার মসজিদের সেপটিক ট্যাংক থেকে ওই কঙ্কাল উদ্ধার করা হয়।
সোহাগ মিয়া স্থানীয় বড়চাপা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। সে একই এলাকার দুলাল মিয়ার ছেলে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল জানান, ময়নাতদন্তের জন্য কঙ্কাল নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রনি মিয়া (২২) গতকাল বিকেলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বড়চাপা নামাপাড়া এলাকার চান মিয়ার ছেলে হারুন মিয়াকে (৪০) গতকাল গ্রেপ্তার করা হয়েছে। দুজনকে গতকালই কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহত ছাত্রের পরিবারসূত্র জানায়, চলতি বছরের ২৪ মার্চ রাতে সোহাগ মিয়া স্থানীয় বড়চাপা বাজার থেকে বাড়ি ফেরার পথে চেয়ারম্যান বাড়ির কাছ থেকে অপহূত হয়। পরদিন সকালে অপহরণকারীরা সোহাগের বাবার মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় দুলাল মিয়া বাদী হয়ে মনোহরদী থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। এর আট মাস পর পুলিশ মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে গত রোববার রাতে গাজীপুর থেকে রনি মিয়া নামের একজনকে গ্রেপ্তার করে। তিন দিন পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে রনি শিশু সোহাগকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করেন।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে বড়চাপা মসজিদের সেপটিক ট্যাংক থেকে খুলিসহ ওই কঙ্কাল উদ্ধার করা হয়। বিকেলে রনি মিয়াকে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় লিখিত জবানবন্দি দেন।
রনি মিয়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হরিয়াতলা শালিয়াকান্দা গ্রামের আবদুস সালামের ছেলে। তিনি দুলাল মিয়ার সঙ্গে বড়চাপা এলাকার একটি ইটভাটায় কাজ করতেন।
দুলাল মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘মুক্তিপণের পাঁচ লাখ টাকা দিতে পারি নাই। তাই তারা আমার ছেলেকে মেরে ফেলেছে। যদি টাকা দিতে পারতাম আমার বাবার এই অবস্থা আজ দেখতে হইত না।’